পাটগ্রাম সীমান্তে ৩ নারীকে পুশ ইনের চেষ্টা, বাধা বিজিবির

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে তিন নারীকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বলে দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবির তাৎক্ষণিক প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে বাহিনী। বর্তমানে ওই তিন নারী ভারতের অভ্যন্তরেই আছেন।

আজ শনিবার ভোরে ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধীন ধবলসূতি বিওপির দায়িত্বপূর্ণ আন্তর্জাতিক সীমান্তের ৮৩৩ নম্বর পিলারের ৯-এস সাব-পিলার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের খরখড়িয়া ক্যাম্পের সদস্যরা সীমান্তের কাঁটাতারের গেট ব্যবহার করে তিন নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে বিজিবির টহলদল দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রতিরোধমূলক অবস্থান নেয়। পরে বিজিবির বাধার মুখে বিএসএফের চেষ্টা ব্যর্থ হয় এবং ওই তিন নারী বাংলাদেশে প্রবেশ করতে পারেননি।

বিজিবির ভাষ্য, বর্তমানে ওই তিন নারী আন্তর্জাতিক সীমান্তের ৮৩৩ নম্বর পিলারের ৯-এস সাব-পিলার থেকে প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন।

৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম বলেন, ঘটনার পর বিএসএফের সংশ্লিষ্ট ব্যাটালিয়ন কমান্ডারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পুশ ইনের চেষ্টার শিকার ব্যক্তিদের নিজ দায়িত্বে ফিরিয়ে নেওয়ার জন্য বিএসএফকে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

তিনি আরও বলেন, সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ বা পুশ ইনের চেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং আন্তর্জাতিক সীমান্তে প্রচলিত আইন ও বিধি মেনেই দায়িত্ব পালন করছে।

 

Related Articles

Latest Posts