পাথরঘাটা থানার ওসিকে প্রত্যাহার

বরগুনার পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হককে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) মোহাম্মদ শাহেদ চৌধুরী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এনামুল হককে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি সেখানে দায়িত্ব পালন করবেন।

সম্প্রতি ফাতিমা জামাদ্দার অর্পা নামে এক নারী পাথরঘাটা থানায় মামলা করতে গিয়ে অপমান ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেন। তার দাবি, মামলা নিতে অযথা টালবাহানা করা হয়েছে। ন্যায়বিচার চাইতে গিয়ে তাকে নানা ধরনের ভোগান্তিও পোহাতে হয়েছে।

এছাড়া আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও মামলা গ্রহণ না করা, নারী বাদীদের নিয়ে আপত্তিকর মন্তব্য ও দায়িত্ব পালনে নানা অনিয়মের অভিযোগে এনামুলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

Related Articles

Latest Posts