নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রামপুর বাজারের কাছে চান্দপাড়া এলাকায় নেত্রকোণা-কেন্দুয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন—কেন্দুয়ার গড়াডোবা ইউনিয়নের বান্দলাল গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে ও অটোরিকশাচালক ওয়াজেদ মিয়া (৪৩) এবং আশুজিয়া ইউনিয়নের চান্দপাড়া গ্রামের বাবু মিয়ার স্ত্রী লিজা আক্তার (৪০)।
পুলিশ জানায়, ট্রাকটি কেন্দুয়া থেকে নেত্রকোণার দিকে যাচ্ছিল। অন্যদিকে, অটোরিকশাটি রামপুর বাজার থেকে যাত্রী নিয়ে কেন্দুয়ার দিকে যাচ্ছিল। পথে চান্দপাড়া এলাকায় ট্রাকটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই ওয়াজেদ মিয়া ও লিজা আক্তার নিহত হন। এ ঘটনায় অটোরিকশার আরও তিন যাত্রী আহত হন।
ওসি তরিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে এক নারীসহ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত তিনজনকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

