কুড়িগ্রামে স্কুলশিক্ষার্থীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড

কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্কুলশিক্ষার্থীকে উত্ত্যক্তের দায়ে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ এ রায় দেন।

দণ্ডিত মাহাবুর রহমান (২৪) নাগেশ্বরী পৌরসভার গোদ্ধারের পাড় এলাকার ইছহাক আলীর ছেলে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আজ সকাল পৌনে ১০টার দিকে বাসা থেকে স্কুলে যাওয়ার পথে আজিজ সুপার মার্কেটের সামনে মাহাবুর ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করেন।

এসময় স্থানীয়রা মাহাবুরকে বেঁধে রেখে পুলিশকে খবর দেন। পুলিশ তাকে আটক করে নিয়ে আসার পর সকাল সাড়ে ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুজ্জামান রিশাদ বলেন, ‘স্কুলশিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’

Related Articles

Latest Posts