নির্বাচনের পরদিনই পদত্যাগ বিসিবি পরিচালক সিমান্তর

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের রেশ কাটতে না কাটতেই নতুন এক ঘটনা সামনে এসেছে। রাজশাহী বিভাগের পরিচালক হিসেবে নির্বাচিত হওয়া মীর শাকরুল আলম সিমান্ত নির্বাচনের মাত্র একদিন পরই পদত্যাগপত্র জমা দিয়েছেন।

গত ৭ জুন অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে ক্যাটাগরি-১ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া সাত পরিচালকের একজন ছিলেন সিমান্ত। তবে তার এই পদত্যাগ খুব একটা অপ্রত্যাশিত ছিল না। এর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে বিসিবির পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা গণমাধ্যমকে জানিয়েছিলেন তিনি।

বিসিবির প্রধান নির্বাচন কমিশনার আহসানুল করিম এর আগেই জানিয়েছিলেন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৫ মে পর্যন্ত সিমান্ত নিজের নাম প্রত্যাহার না করায় গঠনতন্ত্র অনুযায়ী তাকে নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে। নির্বাচন সম্পন্ন হওয়ার পর পদত্যাগে কোনো বাধা ছিল না, আর সেই আনুষ্ঠানিকতাই এবার সম্পন্ন করলেন তিনি।

বিসিবির এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, সিমান্ত আগেই পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন এবং বিষয়টি গণমাধ্যমেও প্রকাশ পেয়েছিল। তবে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ায় নির্ধারিত সময়সূচি অনুসারে তাকে পুরো প্রক্রিয়ায় থাকতে হয়েছে। নতুন বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার পর তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, কোনো পরিচালকের পদ শূন্য হলে সেই পদ পূরণের জন্য নতুন নির্বাচন আয়োজন করতে হবে। ফলে সিমান্তর পদত্যাগের পর রাজশাহী বিভাগের শূন্য পরিচালক পদে শিগগিরই নতুন নির্বাচনের উদ্যোগ নিতে হবে ক্রিকেট বোর্ডকে। 
 

Related Articles

Latest Posts