হবিগঞ্জে ইউপি চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে সংঘর্ষ, ওসিসহ আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালনকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।

আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বড়ইউড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বানিয়াচং থানার ওসি নাজমুল হক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের সময়ে বড়ইউড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিয়ন শাখার সভাপতি ফরিদ আহমেদ গ্রেপ্তার হন। পরে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও যুবদল নেতা কফিল উদ্দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।

জাতীয় নির্বাচনের পর ফরিদ জামিনে মুক্তি পান। মুক্তির পর তিনি আবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের উদ্যোগ নিলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর তাতে আপত্তি জানান। এ নিয়ে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল।

আজ সকালে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে নগদ অর্থ ও চাল বিতরণ অনুষ্ঠানে ফরিদ উপস্থিত হলে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় ফরিদ ও মিজানুরের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ফরিদের সমর্থনে নোয়াগাঁও ও কদুপুরসহ কয়েকটি গ্রামের লোকজন এবং মিজানুরের সমর্থনে হলদারপুর গ্রামের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনটি টিয়ার শেল ও পাঁচটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রায় ২ ঘণ্টাব্যাপী সংঘর্ষে বানিয়াচং থানার ওসি ও ৩ পুলিশ সদস্যসহ উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি নাজমুল হক বলেন, চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পূর্ববিরোধের জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।

 

Related Articles

Latest Posts