দুই ম্যাচে ছয় কার্ড: আর্জেন্টিনার ম্যাচে দায়িত্বপ্রাপ্ত কে এই পর্তুগিজ রেফারি?

আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ডের কোয়ার্টার ফাইনালের মূল রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন পর্তুগিজ রেফারি জোয়াও পিনহেইরো। প্রথমবারের মতো রেফারি হিসেবে বিশ্বকাপে আসা পিনহেইরো এর আগে কখনো আর্জেন্টিনার ম্যাচের দায়িত্ব পালন করেননি। 

তবে চলতি বিশ্বকাপেই আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ডের গ্রুপ পর্বের ম্যাচে দায়িত্ব পালন করেছেন তিনি। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে সুইজারল্যান্ডের ৪-১ গোলে জেতা ম্যাচে তিনটি হলুদ কার্ড ও একটি লাল কার্ড দেখিয়েছিলেন পিনহেইরো। 

এছাড়া রাউন্ড অব ৩২ এ কানাডা-দক্ষিণ আফ্রিকা ম্যাচও পরিচালনা করেছেন পিনহেইরো। সেই ম্যাচেও দুটি হলুদ কার্ড দেখিয়েছিলেন তিনি। সেই ম্যাচে স্বাগতিক কানাডার জোরালো দাবি সত্ত্বেও একটি পেনাল্টি দেননি তিনি। এই বিশ্বকাপে দুই ম্যাচেই মোট ৬ বার কার্ড দেখিয়েছেন তিনি। 

৩৮ বছর বয়সী এই রেফারি ২০১৬ সালে পেশাদার রেফারি হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। বিশ্বকাপে প্রথমবার দায়িত্ব পালন করলেও বড় মঞ্চে ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা তার আছে। ২০২২-২৩ মৌসুমে রেফারি হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে অভিষিক্ত হওয়ার পর থেকে বেশ কিছু বড় ম্যাচে দায়িত্ব পালন করেছেন তিনি। 

এই বছরই চ্যাম্পিয়ন্স লিগে তার একটি সিদ্ধান্ত নিয়ে বেশ শোরগোল পড়েছিল। বায়ার্ন মিউনিখ ও পিএসজির মধ্যকার সেমিফাইনালের দ্বিতীয় লেগে পিএসজি যখন ১-০ গোলে এগিয়ে, তখন বায়ার্নের একটি পেনাল্টির আবেদনে তিনি সাড়া দেননি। বায়ার্নের অভিযোগ ছিল, পর্তুগিজ মিডফিল্ডার জোয়াও নেভেসের হাতে বল লাগার পরেও রেফারি পেনাল্টি দেননি। এ ঘটনার প্রতিবাদে ফেটে পড়েছিল পুরো বায়ার্ন মিউনিখের বেঞ্চ। 

এছাড়া গত বছর পিএসজি ও টটেনহাম হটস্পারের মধ্যকার সুপার কাপের ফাইনালেও রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এই রেফারি। সেই ম্যাচেও চারটি হলুদ কার্ড দেখিয়েছিলেন তিনি। 

Related Articles

Latest Posts