দিনাজপুরে মোটরসাইকেলে পিকআপের ধাক্কা, মা-শিশুসন্তান নিহত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেলে থাকা এক নারী ও তার শিশুসন্তানের প্রাণ গেছে।

এ ঘটনায় মোটরসাইকেলের চালক নিহত নারীর স্বামী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৫টার দিকে বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের পাঁচপীর মোড় এলাকায় দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন— দিনাজপুরের কাহারোল উপজেলার মালগ্রাম গ্রামের নাজমুল ইসলামের (৩২) স্ত্রী ফাহিমা আক্তার (২৮) ও তাদের শিশুসন্তান আব্দুল্লাহ (৩)। 

দশমাইল হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক মো. জিল্লুর রহমান দ্য ডেইলি স্টারকে মুঠোফোনে জানান, অসুস্থ স্ত্রী ও শিশুসন্তানকে একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে নিয়ে যাচ্ছিলেন নাজমুল ইসলাম।

তিনি জানান, তারা নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার উত্তর গড়েয়া এলাকার উদ্দেশে রওনা হন। পথে বীরগঞ্জের ভাবকী গ্রামের পাঁচপীর মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে আসা ঠাকুরগাঁওগামী মাছবাহী একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

তিনি আরও জানান, ধাক্কায় নাজমুল ইসলাম মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হন। তবে তার স্ত্রী ও শিশুসন্তান সড়কে ছিটকে পড়লে পিকআপটি তাদের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের প্রাণ যায়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তি ও নিহতদের মরদেহ বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহত নাজমুল ইসলাম ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া পিকআপটি শনাক্ত করে চালককে আটকের চেষ্টা চলছে।

Related Articles

Latest Posts