রাজধানীর গুলিস্তানের জিপিও এলাকায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।
আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার তাদের জামিন আবেদন নাকচ করে দেন বলে দ্য ডেইলি স্টারকে জানান এক পুলিশ উপপরিদর্শক।
ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল এই ২৭ আসামিকে কারাগারে পাঠানো হয়। পুলিশ তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানায়।
আদালতে দাখিল করা পুলিশের ফরওয়ার্ডিং প্রতিবেদনে বলা হয়, আসামিরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে অস্থিতিশীল ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন। পুলিশ সদস্যদের পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজনের সহায়তায় ২৬ সেপ্টেম্বর বিকেল ৪টা ১০ মিনিটের দিকে তাদের আটক করা হয়।
এতে আরও বলা হয়, জিজ্ঞাসাবাদে আসামিরা কেন ঘটনাস্থলে এসেছিলেন, সে বিষয়ে কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আসামিরা আমলযোগ্য কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকতে পারেন।

