রাজধানীর গুলিস্তানে জিপিও এলাকায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে গতকাল আটক অন্তত ২৫০ জনকে পরিচয় যাচাই শেষে ছেড়ে দিয়েছে পুলিশ।
আজ রোববার ভোরের দিকে তাদের ছেড়ে দেওয়া হয় বলে পল্টন থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন।
তিনি বলেন, ‘পরিচয় যাচাই-বাছাই করে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।’
যাচাই-বাছাই শেষ না হওয়ায় এখনো ২৯ জন পুলিশ হেফাজতে আছেন বলে জানান তিনি।
গতকাল শনিবার বিকেলে প্রতিনিধি সভা চলাকালে যুবদলের কেন্দ্রীয় নেতা রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় একদল লোক।
নয়নের দাবি, ওই সভায় অংশ নেওয়া কয়েকজন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
গতকাল ডিএমপির মিডিয়া উইংয়ের ডেপুটি কমিশনার আক্তার হোসেন দ্য ডেইলি স্টারকে বলেছিলেন, কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা জাসদ কার্যালয়ের ভেতরে সভা করছেন ও ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন—এমন গোপন তথ্যের ভিত্তিতে পল্টন থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করে।
আজ পল্টন থানার পরিদর্শক শফিকুল ইসলাম জানান, পুলিশ গতকাল ওই কার্যালয় থেকে প্রায় ২৭৮ জনকে আটক করে।

