জামালপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

জামালপুর সদর উপজেলায় বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৬ জন।

আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার লাহিড়ীকান্দা ঈদগাহ মাঠ-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব দ্য ডেইল স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা নূর মোহাম্মদ ডেইলি স্টারকে বলেন, রাজিব পরিবহনের একটি বাস জামালপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশাটি গোপালপুর বাজার থেকে নান্দিনা বাজারের দিকে যাচ্ছিল। লাহিড়ীকান্দা এলাকায় পৌঁছালে বাসটির সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই তিনজন মারা যান। এ ঘটনায় অন্তত ১৬ জন আহত হয়েছেন।

ওসি নাজমুস সাকিব বলেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে উদ্ধারকাজ করছেন।

তিনি আরও বলেন, দুর্ঘটনার কারণে জামালপুর-ময়মনসিংহ সড়কে প্রায় দুই ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ রয়েছে।
 

Related Articles

Latest Posts