কানাডায় যেভাবে দিন কাটছে কুমার বিশ্বজিতের

দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন কুমার বিশ্বজিৎ। একমাত্র ছেলে নিবিড়ের চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে কানাডায় অবস্থান করলেও গান থেকে দূরে নেই এই চিরসবুজ গায়ক। দেশ-বিদেশে নিয়মিত স্টেজ শো করছেন তিনি।

তার গাওয়া বেশ কিছু গান মানুষের মুখে মুখে ফেরে। একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশ-বিদেশে পেয়েছেন বহু সম্মাননা।

সম্প্রতি দ্য ডেইলি স্টারের সঙ্গে গান ও অন্যান্য বিষয়ে কথা বলেছেন এই শিল্পী। কানাডায় কেমন আছেন—এমন প্রশ্নের জবাবে কুমার বিশ্বজিৎ বলেন, ‘আছি। আমাকে ভালো থাকতেই হয় নিবিড়ের জন্য। নিবিড় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। সময় লাগবে আরও। তারপরও সবকিছুর জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আমার দেশের মানুষের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা প্রাণ ভরে দোয়া করেছেন, এখনো আশীর্বাদে রেখেছেন। দেশের সীমানা পেরিয়ে নানা দেশ থেকে অসংখ্য মানুষ আমার ছেলের জন্য দোয়া করেছেন, তাদের প্রতি ভালোবাসা।’

গানের প্রসঙ্গ উঠতেই কুমার বিশ্বজিৎ বলেন, ‘গান আমার বেঁচে থাকার অবলম্বন। গানই সবকিছু। গান নিয়েই একটা জীবন কাটিয়ে দিলাম। বাকি পথটাও গানের সঙ্গে কাটাতে চাই। কথায় বলে না, বেঁচে থাকার জন্য অক্সিজেন দরকার। গান আমার কাছে তাই।’

কয়েক বছর আগে কানাডায় সড়ক দুর্ঘটনার শিকার হন কুমার বিশ্বজিতের একমাত্র ছেলে নিবিড়। এরপর থেকেই ছেলের চিকিৎসার জন্য কানাডায় অবস্থান করছেন তিনি। সেখানে থেকেও স্টেজ শো করছেন তিনি। কানাডার পাশাপাশি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে গিয়েও গান করেছেন।

কুমার বিশ্বজিৎ বলেন, ‘কানাডায় চারটি শো করেছি। অনেক সাড়া পেয়েছি। অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। অস্ট্রেলিয়া এবং আমেরিকায় শো করেও ভীষণ সাড়া পেয়েছি।’

আগামীতেও এভাবেই গান করে যেতে চান এই শিল্পী। বলেন, ‘মানুষের ভালোবাসা নিয়ে গানের সঙ্গে থাকতে চাই। বড় কথা হচ্ছে, এখনো গাইতে পারছি এ জন্য ওপরওয়ালার কাছে কৃতজ্ঞতার শেষ নেই।’

‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’সহ তার বেশ কিছু গান এখনো মানুষের মুখে মুখে ফেরে। এসব গান প্রজন্মের পর প্রজন্ম ধরে শ্রোতারা শুনছেন। কালজয়ী হয়ে ওঠা এসব গান নিয়ে কুমার বিশ্বজিৎ বলেন, ‘যেখানেই শো করতে যাই এই গানগুলো মানুষ শুনতে চায়। আরও অনেক গানই শুনতে চায়। সবখানে এমন গানের প্রস্তাব পাই। আমার জন্য এটা বিরাট প্রাপ্তি।’

একজন শিল্পী হিসেবে সবচেয়ে বড় প্রাপ্তি কী—এমন প্রশ্নের জবাবে কুমার বিশ্বজিৎ বলেন, ‘একজন শিল্পী হিসেবে মানুষের ভালোবাসার মতো বড় প্রাপ্তি আর কিছুই হতে পারে না। যেকোনো শিল্পীর জন্য এই ভালোবাসা বড় প্রাপ্তি।’

Related Articles

Latest Posts