জয়ের জন্য কত রানের লক্ষ্য দিতে চায় বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের তৃতীয় দিনশেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৭৯ রান। খুঁড়িয়ে খুঁড়িয়ে সব মিলিয়ে লিড এখন ১০৬ রানের। হাতে আছে ৪ উইকেট। ক্রিজে রয়েছেন শেষ স্বীকৃত ব্যাটার জাকের আলী অনিক ও নাঈম হাসান।

এমন পরিস্থিতিতে ম্যাচের ফল যেকোনো দিকেই যেতে পারে। তাই আলোচনার কেন্দ্রবিন্দু— কত রানের পুঁজি বাংলাদেশের জয়ের জন্য পর্যাপ্ত হতে পারে? শুক্রবারের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসা নাঈম জানান, অন্তত দুইশ রানের লক্ষ্য ক্যারিবিয়ানদের দিতে চায় টাইগাররা।

‘আমরা চেষ্টা করব (স্কোরবোর্ডে) যত বেশি রান দিতে পারি। এখন আমি আর জাকের ভাই ব্যাটিং করছি, আমরা যদি লম্বা (সময়) খেলতে পারি, (দলকে) যত বেশি রান দেব, ততই আমাদের জন্য ভালো। (লিড) ২০০ রান হলে খুবই ভালো হবে। চেষ্টা থাকবে আরও বেশি করার।’

‘আমাদের উইকেট আছে, চেষ্টা করব যত বেশি পারি (রান যোগ করার)। যত বেশি রান করব, তত আমাদের জন্য ভালো। এখন কোনো (লক্ষ্য) নির্ধারণ না করি। আপনারা বিশ্বাস রাখেন, আমি আর জাকের ভাই যেন বড় (ইনিংস) খেলতে পারি।’

শেরে বাংলা স্টেডিয়ামের চিরায়ত স্পিনবান্ধব পিচে ব্যাটিংয়ে নামার আগে এদিন বল হাতে জ্বলে ওঠেন অফ স্পিনার নাঈম। ৩৩ রানে তার শিকার ৪ উইকেট। ফলে আগের দিনের ৪ উইকেটে ১৩৪ রান নিয়ে খেলতে নামা ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে অলআউট হয় ২৪৫ রানে।

নিজেদের প্রথম ইনিংসে ২৭২ রান তোলা বাংলাদেশের তাই মেলে ২৭ রানের গুরুত্বপূর্ণ লিড। তবে আবার ব্যাটিংয়ে নেমে ক্যারিবিয়ান স্পিনারদের তোপে পড়ে তারা। সঙ্গে বাজে ব্যাটিং যুক্ত হওয়ায় ৫৩ রানে পড়ে যায় ৬ উইকেট।

অল্পতে গুটিয়ে যাওয়ার শঙ্কার কালো মেঘের মাঝে একটু আশার আলো জ্বালান মুমিনুল হকের কনকাশন বদলি হিসেবে নামা জাকের ও নাঈম। দিনের শেষ ৪৪ বলে আর কোনো বিপদ ঘটতে দেননি তারা। পাশাপাশি যোগ করেছেন মূল্যবান ২৬ রান।

Related Articles

Latest Posts