বরিশালে চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বেঁধে রাখা এক ব্যক্তিকে রুটি ও চা খাওয়াচ্ছে তার ছোট্ট মেয়ে—এমন একটি ভিডিও শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, মেয়েটি চায়ে ভেজানো রুটি বাবাকে খাওয়াচ্ছে, আলতো করে তার শরীরে হাত বুলিয়ে দিচ্ছে ও তিনি ব্যথা পাচ্ছেন কি না, তা জানতে চাইছে।
শনিবার ভোরে উজিরপুরের বামরাইল বাজারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন।
দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, শুক্রবার রাতে বাজারের একটি মুদিদোকান থেকে চুরির অভিযোগে স্থানীয়রা ওই ব্যক্তিকে ধরে খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। খবর পেয়ে শনিবার সকাল ৮টার দিকে তার ৯ বছর বয়সী মেয়ে ঘটনাস্থলে ছুটে আসে। লোকজনের ভিড়ের মধ্যে সে এক কাপ চায়ে রুটির টুকরা ভিজিয়ে বাবার মুখে তুলে দেয়।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১২টার দিকে বাজারের একটি মুদিদোকানে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হন ওই ব্যক্তি। পরে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী তাকে মারধর করে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। মেয়েটি উপস্থিত লোকজনের কাছে বাবাকে আর মারধর না করার অনুরোধ করে ও তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। মেয়েটির এ আচরণ উপস্থিত অনেকের হৃদয় ছুঁয়ে যায়। পরে ওই ব্যক্তিকে আর এমন কাজ না করার প্রতিশ্রুতি দিলে ছেড়ে দেওয়া হয়।
পরিদর্শক ফারুক হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে, স্থানীয়রা ওই ব্যক্তিকে ছেড়ে দিয়েছেন। কোনো অভিযোগ না থাকায় পুলিশ সেখান থেকে ফিরে আসে।

