গলফে পানিতে বল চলে যাওয়া নতুন কোনো ঘটনা নয়। কিন্তু সেই বল যদি পুকুরের মাছ গিলে নিয়ে সাঁতরে চলে যায়, তাহলে অবাক হওয়ারই কথা! এমনই অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হলেন দক্ষিণ আফ্রিকার গলফার চার্ল শোয়ার্টজেল। এলআইভি গলফ বেডমিনস্টারের শেষ রাউন্ডে শোয়ার্টজেলের গলফ বল গিলে ফেলেছে একটি মাছ!
রোববার ১৩৪ গজের পার-থ্রি সপ্তম হোলে টি-শট নিয়েছিলেন শোয়ার্টজেল। তার শট গ্রিনে গিয়ে পড়লেও সেখান থেকে গড়িয়ে বল চলে যায় পাশের পুকুরে। এরপর পানির নিচে ঘটে অবিশ্বাস্য ঘটনা। টেলিভিশন ক্যামেরায় দেখা যায়, একটি মাছ পানির নিচ থেকে গলফ বলটি মুখে তুলে নেয় এবং সেটি নিয়ে সাঁতরে দূরে চলে যায়।
ঘটনাটি দেখে ধারাভাষ্যকাররাও রীতিমতো হতবাক। এমন দৃশ্য আগে কখনো দেখেননি জানিয়ে একজন বলেন, ‘আমি এমন কিছু কখনো দেখিনি।’
এলআইভি গলফও ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে ভক্তদের কাছে জানতে চেয়েছে, এমন দৃশ্য তারা আগে কখনো দেখেছেন কি না। স্বাভাবিকভাবেই মুহূর্তেই সেটি নিয়ে শুরু হয় হাস্যরস ও নানা মন্তব্য।
তবে শোয়ার্টজেলের জন্য ঘটনাটি মোটেও সুখকর ছিল না। বলটি পানিতে যাওয়ার পর নিয়ম অনুযায়ী এক শট পেনাল্টি পান তিনি। শেষ পর্যন্ত ওই হোলে বোগি করেন দক্ষিণ আফ্রিকার এই গলফার। পুরো টুর্নামেন্ট শেষ করেন দুই ওভার পার স্কোরে।
অন্যদিকে টুর্নামেন্টের শিরোপা জিতে নেন চিলির জোয়াকিন নিয়েমান।

