অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে নির্ভয়ে সংবাদ প্রকাশ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে গিয়ে রাজনীতিবিদদের ভুল হতে পারে, আর সেই ভুল তুলে ধরা গণমাধ্যমের দায়িত্ব ।
আজ শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী মির্জা ফখরুল বলেন, ‘রাজনীতিবিদরা যে সমালোচনার ঊর্ধ্বে তা নন। রাজনীতিবিদরা অবশ্যই সমালোচনার মধ্যেই থাকবেন। রাজনীতিবিদদের সমালোচনা করাটাই আমি মনে করি যে সাংবাদিকদের জন্য উপযুক্ত কাজ। কারণ তাকে সঠিকভাবে ভুলটা ধরিয়ে দেওয়া, সঠিক পথে গাইড করা খুব জরুরি।’
‘দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে সংবাদপত্রে যারা কাজ করেন তারা অনেক সময় নিগৃহীত হন। যেকোনো একটা সত্য ঘটনা প্রকাশ করলে দেখা যায় যে যার বিরুদ্ধে খবরটা বেড়িয়েছে, সে তার প্রতি চড়াও হয়। সাংবাদিকরা হামলা-হয়রানির শিকার হন, যা অত্যন্ত উদ্বেগজনক,’ বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘মিডিয়া যদি শক্ত হয় দেশে গণতন্ত্রও শক্ত হয়। কারণ গণতন্ত্রের সাফল্য নির্ভর করে মিডিয়ার সাফল্যের ওপর।’
সাংবাদিকদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘ব্যক্তি নয় কাজকে মূল্যায়ন করতে হবে। যারা ভালো কাজ করবেন, তাদের সাফল্য যেমন তুলে ধরতে হবে, তেমনি অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধেও নির্ভয়ে সংবাদ প্রকাশ করতে হবে।’
সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘ঠাকুরগাঁওয়ে দুটি নতুন উপজেলা অনুমোদন দেওয়া হয়েছে এবং এ সংক্রান্ত কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। তবে শুধু অবকাঠামো নির্মাণ করলেই হবে না, দক্ষ ও সৎ নেতৃত্ব গড়ে তোলার পাশাপাশি নতুন উপজেলা পরিচালনায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
পরে তিনি তুলা উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এছাড়া জেলার ২৬৫ অসহায় মানুষদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেন।

