কৃষ্ণসাগরে হামলা বন্ধে রাশিয়া-ইউক্রেনকে আহ্বান তুরস্কের

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, কৃষ্ণসাগরে হামলা স্থগিত রাখতে রাশিয়া ও ইউক্রেনের প্রতি আহ্বান জানিয়েছে আঙ্কারা।

বার্তাসংস্থা রয়টার্স জানায়, শনিবার আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

হাকান ফিদান বলেন, কৃষ্ণসাগরে জাহাজে হামলার বিষয়ে দুদেশের কাছেই উদ্বেগ জানিয়েছে তুরস্ক। পাশাপাশি তুরস্ক নিজ উদ্যোগে কিছু নিরাপত্তাব্যবস্থা বাস্তবায়ন করছে।

তবে এ বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, তুরস্কের সামুদ্রিক কর্তৃপক্ষ গত ৩ আগস্ট জানায়, রাশিয়ার কৃষ্ণসাগরীয় বন্দর নভোরোসিস্কের কাছে ড্রোন হামলায় একটি কার্গো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে তিন নাবিক গুরুতর আহত হয়েছেন।

সামুদ্রিক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, জাহাজটি নভোরোসিস্ক থেকে তুরস্কের উত্তরাঞ্চলীয় সামসুন বন্দরের দিকে যাচ্ছিল। এ সময় নভোরোসিস্ক থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল দূরে জাহাজটি হামলার শিকার হয়। গুরুতর আহত তিনজনসহ জাহাজটির ২২ নাবিককেই রাশিয়ায় সরিয়ে নেওয়া হয়েছে।

Related Articles

Latest Posts