কুষ্টিয়া সদর উপজেলার খয়েরপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হালিম সরদার (৫৫) ওই এলাকার কলম সরদারের ছেলে।
এ ঘটনায় বকুল সরদার (৩০) নামে একজনকে আটক করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।
কুষ্টিয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ বলেন, ‘ওই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরেই উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় সংঘর্ষে হালিম নিহত হয়েছেন।’
খবর পাওয়া মাত্রই সদর থানা পুলিশ ও ডিবি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া, এসআরবি সদস্যরা যৌথভাবে মাঠে কাজ করছেন। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ পুলিশের নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন তিনি।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

