কুতুবদিয়া অ্যাঙ্কোরেজ ও চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এলাকায় পৃথক দুই সংঘর্ষে তিনটি জাহাজ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহত বা সমুদ্র দূষণের খবর পাওয়া যায়নি।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে কুতুবদিয়া অ্যাঙ্কোরেজে দুটি বাল্ক ক্যারিয়ারের সংঘর্ষের একটি লাইটার জাহাজ আটকা পড়ে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) কর্মকর্তা ও শিপিং এজেন্টদের তথ্য অনুযায়ী, ইন্দোনেশিয়া থেকে প্রায় ৫৫ হাজার টন কয়লা নিয়ে এক সপ্তাহ আগে আসা পানামার পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘এপিজে শিরিন’ কুতুবদিয়ায় নোঙর করা ছিল। কয়লা খালাসের জন্য এর পাশে একটি লাইটার জাহাজ বাঁধা ছিল।
আজ সকালে ব্রাজিল থেকে প্রায় ৫১ হাজার টন সয়াবিন বীজ নিয়ে আসা লাইবেরিয়ার পতাকাবাহী এমভি ‘এইচজি সিডনি’ নোঙর তোলার পর অবস্থান পরিবর্তনের সময় এপিজে শিরিনের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় দুই বাল্ক ক্যারিয়ারের মাঝখানে থাকা লাইটার জাহাজটিও ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনার একটি ভিডিও দ্য ডেইলি স্টার পেয়েছে। ভিডিওতে দেখা যায়, এইচজি সিডনির ধাক্কায় লাইটার জাহাজটির বাম পাশের হাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ধাক্কার পরপরই খালি লাইটার জাহাজটি সরে যায়।
ফলে এটি বড় দুটি জাহাজের মাঝখানে আটকা পড়েনি বলে জানিয়েছেন এইচজি সিডনির স্থানীয় প্রতিনিধি লিটমন্ড শিপিংয়ের পরিচালক বেলায়েত হোসেন।
ডেইলি স্টারকে তিনি বলেন, এমভি এইচজি সিডনির বাম পাশের হাল সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
সিপিএ সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, বিদেশি দুটি জাহাজই এখন নিরাপদ অবস্থানে রয়েছে। এ ঘটনায় কোনো হতাহত বা দূষণের খবর পাওয়া যায়নি।
এদিকে, আজ সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের আলফা অ্যাঙ্কোরেজে নোঙর করে রাখা বাংলাদেশের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার এমভি আকিজ ওয়েভ তীব্র স্রোতে সরে যায়। একপর্যায়ে এটি বাল্ক ক্যারিয়ার এমভি সি অ্যালিসনের সঙ্গে ধাক্কা খায়। এতে জাহাজটির সামনের বাম অংশ সামান্য ক্ষতিগ্রস্ত হয়।
রেফায়েত হামিম বলেন, এটি সামান্য সংঘর্ষের ঘটনা। দুটি জাহাজই নিরাপদ অবস্থানে রয়েছে।

