কলকাতায় চঞ্চল চৌধুরীর ২ সিনেমা মুক্তির অপেক্ষায়

দেশের সীমানা পেরিয়ে ভারতীয় বাংলা সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন চঞ্চল চৌধুরী। সেই ধারাবাহিকতায় এবার কলকাতায় আরও দুটি সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। সিনেমা দুটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।

এর মধ্যে একটি সিনেমার নাম ‘শেকড়’, যা পরিচালনা করেছেন ব্রাত্য বসু। এটি একটি সাহিত্যনির্ভর গল্পের সিনেমা। অপর সিনেমাটির নাম ‘আজাদী’, যার পরিচালক সুমন মুখোপাধ্যায়। এটি দেশভাগের গল্প নিয়ে নির্মিত হয়েছে।

সিনেমা দুটির বিষয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘শেকড় সিনেমাটি চলতি বছরই মুক্তি পাবে। সেভাবেই কাজ এগোচ্ছে। আজাদী মুক্তি পাবে আগামী বছর। তবে তার আগে সিনেমাটি বড় বড় বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে যাবে।’

‘শেকড়’ সিনেমার গল্প সম্পর্কে এই অভিনেতা বলেন, ‘শেকড় সিনেমায় একজন বৃদ্ধ এবং একজন বৃদ্ধা পাশাপাশি গ্রামে বসবাস করেন। যৌবনে তাদের মধ্যে প্রেম ছিল, কিন্তু বিয়ে হয়নি। মূলত দুই পরিবারের গল্প উঠে এসেছে এখানে। এটি একটি পারিবারিক গল্প। আমি বৃদ্ধের সন্তানের চরিত্রে অভিনয় করেছি।’

আর ‘আজাদী’ সিনেমা সম্পর্কে চঞ্চল বলেন, ‘আজাদী সিনেমায় একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছি। এটি দেশভাগের গল্প, আবেগের গল্প। গল্পটি সবাইকে স্পর্শ করবে।’

দুই দেশের প্রখ্যাত দুই পরিচালকের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘ব্রাত্য বসু এবং সুমন মুখোপাধ্যায় দুজনেই অত্যন্ত মেধাবী পরিচালক। দুজনেরই অসম্ভব জানাশোনা। তাদের সঙ্গে কাজ করে অনেক ভালো লেগেছে।’

নিজের চরিত্র নিয়ে চঞ্চল বলেন, ‘দুটি সিনেমায় দুরকম চরিত্রে অভিনয় করেছি। চরিত্রগুলোর সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করেছি। আমার বিশ্বাস, দুটি ভালো সিনেমা আসছে।’

এদিকে চঞ্চল চৌধুরী অভিনীত ‘বনলতা এক্সপ্রেস’ এখনো দেশের প্রেক্ষাগৃহে চলছে। দর্শকরা বেশ আগ্রহ নিয়ে সিনেমাটি দেখছেন। এ ছাড়া তার অভিনীত ‘দম’ সিনেমাটিও প্রদর্শিত হচ্ছে।

এই সিনেমাগুলো নিয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘বনলতা এক্সপ্রেস দর্শকদের মন জয় করেছে। সবাই খুব প্রশংসা করছেন। এটি সত্যিই ভালো লাগার মতো একটি খবর। আর দর্শকরা দম সিনেমাটিও দেখছেন।’

Related Articles

Latest Posts