কক্সবাজারে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। 

আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে সুগন্ধা সৈকত সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। 

মারা যাওয়া সীমা আক্তার (১৮) কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড় আলমপুর এলাকার মাহবুবুল আলমের মেয়ে। মাদ্রাসায় দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন সীমা। 

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’ 

পরিবারের সদস্যরা জানান, গতকাল সোমবার দেবিদ্বার থেকে ১৭ জনের একটি দল কক্সবাজারে বেড়াতে আসেন। আজ সকালে হোটেলে নাশতা শেষে দুটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে সৈকতের দিকে যাচ্ছিলেন তারা। এর একটিতে চালকের পেছনের আসনে বসেছিলেন সীমা। 

এক পর্যায়ে চলন্ত অটোরিকশার চাকায় সীমার ওড়না পেঁচিয়ে যায়। চিৎকার শুনে চালক অটোরিকশা থামান। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ওসি মোহাম্মদ আলী বলেন, ‘নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

Related Articles

Latest Posts