‘এমন কন্ডিশনে তো আমরা খেলিই না’, দুই দিনে হারের পর শান্ত

ডারউইনের উইকেট আর কন্ডিশন ছিলো উপমহাদেশীয় ঘরানার, সেখানে নিজেদের মেলে ধরে অস্ট্রেলিয়াকে হারিয়ে দুনিয়া মাতানো জয় পেয়েছিলো বাংলাদেশ। ম্যাকাইয়ে গিয়ে পড়তে হয়েছে পুরো ভিন্ন পরিস্থিতিতে। এবার স্বাগতিকরা বাংলাদেশকে দুই দিনেই ইনিংস ব্যবধানে বিধ্বস্ত করেছে। দুই ইনিংসেই একশোর নিচে গুটিয়ে যাওয়ার বিব্রতকর পরিসংখ্যানও সঙ্গী হয়েছে। 

অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ৫১ রানে হারের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিজ দলের ব্যাটিং ব্যর্থতার দায় স্বীকার করে নিয়েছেন। তবে একই সঙ্গে তিনি আঙুল তুলেছেন ম্যাকাইয়ের উইকেটের ধারণাতীত কঠিন চরিত্র এবং এমন বৈরী কন্ডিশনে খেলার অনভিজ্ঞতার দিকে।

প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে গুটিয়ে যাওয়ার পর অজিরা করে ২১০ রান। ১৪৬ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে মুড়ে যেতে হয়েছে ৯৫ রানে। 

অস্ট্রেলিয়ার ২১০ রানের জবাবে মিচেল স্টার্কের বোলিং তোপে দুই ইনিংসে গুঁড়িয়ে যাওয়া ম্যাচে দলের সম্মিলিত পারফরম্যান্স নিয়ে শান্ত বলেন, ‘আমরা ভালো ব্যাট করিনি। দল হিসেবে আমরা ভালো ক্রিকেট খেলি নাই। আমি সেট হয়ে যে সময় আউট হয়েছি (৩১ রান করে), এটা গ্রহণযোগ্য না। আমার আরেকটু লম্বা করা উচিত ছিল।’ 

তবে ব্যাটারদের এককভাবে দায়ী না করে অধিনায়ক যোগ করেন, ‘একটা জিনিস বুঝতে হবে যে, এরকম বোলিং অ্যাটাক আর এরকম কন্ডিশনে আমরা খেলিই না, কখনো খেলিই নাই। কাজেই আসলে কোনো ব্যাটারকে ব্যক্তিগতভাবে পয়েন্ট আউট করাটা উচিত হবে না।’

উপমহাদেশের উইকেটে খেলা দুই-তিন দিনে শেষ হলে কিংবা দ্রুত উইকেট পড়লে সমালোচনার যে ঝড় ওঠে, সংবাদ সম্মেলনে সেটির প্রতিও সূক্ষ্ম খোঁচা দেন শান্ত, ‘যখন সাধারণত আমরা উপমহাদেশে খেলি, একদিনে ১৮-১৯ উইকেট পড়লে অনেক কথাবার্তা হয়, সবাই বলে। কাজেই প্রথম দিনে ১৮ উইকেট পড়েছিল, এটাও একটু সবার বুঝতে হবে। উইকেটে কেবল আমাদের না, ওদের ব্যাটাররাও কতটা টাফ টাইমের মধ্য দিয়ে গেছে তা দেখলেই বোঝা যায়।’

২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে এসে এ ধরনের পেস ও বাউন্সের মুখোমুখি হওয়া কোনো অজুহাত নয় উল্লেখ করে বাংলাদেশ অধিনায়ক আহ্বান জানান, এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। পাশাপাশি নিয়মিত বিরতিতে যেন বাংলাদেশ এমন শক্ত কন্ডিশনে সফর করার সুযোগ পায়, সেই দাবিও তুলে ধরেন তিনি।

এই টেস্ট বাজেভাবে হারলেও ডারউইনের ঐতিহাসিক জয়ের সাফল্য ম্লান হয় না বলে মনে করেন শান্ত। এই সম্পর্কিত প্রশ্নে বরং তার ঝাঁজালো জবাব, ‘আপনারা কি ভুলে গেছেন? প্রথম টেস্ট। আমিও তো ভুলি নাই। আমার মনে হয় যে দেশের মানুষও ভুলে নাই। কেউ ভুলে নাই। অনেক বড় অর্জন। কিন্তু এই ম্যাচটা আমরা ভালো ক্রিকেট খেলি নাই এবং এটা হতেই পারে।’

 

Related Articles

Latest Posts