যান্ত্রিক ত্রুটি সারিয়ে এক দিন পর আবারও উৎপাদনে ফিরেছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট।
আজ শনিবার সকাল ৯টা ৪৩ মিনিটে মেরামতের কাজ শেষ হলে ইউনিটটি পুনরায় চালু করা হয়। বর্তমানে এই ইউনিট থেকে জাতীয় গ্রিডে ঘণ্টায় প্রায় ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবু বকর সিদ্দিকী।
এর আগে সার্ভিস ওয়াটার পাম্পে ত্রুটির কারণে শুক্রবার সকালে ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন হঠাৎ বন্ধ হয়ে যায়। এছাড়া গত ৩১ জুলাই একই ইউনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল। পরে ২ আগস্ট মেরামত শেষে সেটি আবারও চালু করা হয়।
বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, বর্তমানে ১ নম্বর ইউনিটের পাশাপাশি কেন্দ্রটির ৩ নম্বর ইউনিট থেকেও জাতীয় গ্রিডে প্রায় ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। তবে ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকে বন্ধ আছে। সেটিও চালু করার প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।
বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে ১ ও ২ নম্বর ইউনিটের প্রতিটির উৎপাদন ক্ষমতা ১২৫ মেগাওয়াট এবং ৩ নম্বর ইউনিটের উৎপাদন ক্ষমতা ২৭৫ মেগাওয়াট।
কেন্দ্রে ঘন ঘন উৎপাদন বন্ধ হওয়ার বিষয়ে জানতে চাইলে প্রধান প্রকৌশলী বলেন, ১ নম্বর ইউনিটের ওভারহোলিং (পূর্ণাঙ্গ মেরামত ও রক্ষণাবেক্ষণ) অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। সর্বশেষ ২০২০ সালের জানুয়ারিতে ইউনিটটির ওভারহোলিং করা হয়েছিল।
তিনি আরও জানান, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করতে নিয়ম অনুযায়ী প্রতি পাঁচ বছর পর পর ইউনিটগুলোর ওভারহোলিং করা প্রয়োজন।

