প্রায় এক যুগ পর ইতালির রাজধানী রোমে কনসার্ট করবেন ব্যান্ড তারকা জেমস। আগামীকাল ১৬ আগস্ট এই কনসার্ট অনুষ্ঠিত হবে। কাকতালীয়ভাবে এ দিনটিতেই আরেক কিংবদন্তি ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর জন্মদিন।
কনসার্ট উপলক্ষে রোমের একটি অভিজাত হোটেলের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গিটারের জাদুকর ও বন্ধু আইয়ুব বাচ্চুকে স্মরণ করেন জেমস। তিনি বলেন, ‘আমরা সব সময় একসঙ্গেই কাজ করেছি, আমরা জোড়া ছিলাম। তো উনি চলে যাওয়ার পর খুব একা লাগে, এর থেকে বেশি কিছু বলতে চাই না।’
১৯৮০ সালের শুরুর দিকে আইয়ুব বাচ্চুর সঙ্গে জেমসের পরিচয় হয়। এরপর তাদের দুজনের মধ্যে দীর্ঘ ৪০ বছরের সম্পর্ক ছিল।
জেমস বলেন, ‘আমাদের সম্পর্কের এই গভীরতার কথা কখনো বোঝাতে পারব না। কেউ হয়তো জানবেও না যে আমাদের একে অপরের হৃদয়ে কতটা জায়গা রাখা আছে। আমাদের মধ্যে একটা সুস্থ প্রতিযোগিতা ছিল, সেটা ভালো গান তৈরির প্রতিযোগিতা। সেখানে কোনো ঈর্ষা ছিল না। যখন যেখানে দেখা হতো, একে অপরকে পরম ভালোবাসায় জড়িয়ে ধরেছি।’
‘নগরবাউল’–খ্যাত জেমস গত জুলাইয়ের শেষ সপ্তাহে গান নিয়ে ইউরোপ সফর (ট্যুর) শুরু করেছেন। লন্ডনে কনসার্টের মাধ্যমে শুরু হয় তার এই গান-ভ্রমণ। গাওয়ার তালিকায় আছে পর্তুগাল, সাইপ্রাস, ইতালি ও সুইডেন। এই সফরে প্রথমবারের মতো পর্তুগালেও কনসার্ট করেছেন তিনি।
ইতালি পর্ব শেষে আগামী ৫ সেপ্টেম্বর সুইডেনে কনসার্ট করবেন জেমস। ইউরোপ সফর শেষ হতে না হতেই অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হবেন তিনি। সেখানে ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী রূপম ইসলাম ও তার ব্যান্ড ‘ফসিলস’-এর সঙ্গে মঞ্চে উঠবেন জেমস।

