ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২৮ হাজার ৩৬৫ সদস্য ও কর্মচারীর মধ্যে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শনিবার রাজধানীর খিলগাঁওয়ে বাহিনীর সদর দপ্তরে এ উপহার বিতরণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়। উপহারের প্যাকেটে ছিল, পোলাওয়ের চাল, সেমাই, সুজি, গুঁড়া দুধ, নুডলস, চিনি ও বিভিন্ন ধরনের রান্নার মসলা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসারের মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
তিনি বলেন, সংস্কার পরিকল্পনা ২০৩৫ বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সুসংগঠিত ও দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যেতে হবে। কোনো অবস্থাতেই যেন আমরা আমাদের নির্ধারিত লক্ষ্য থেকে বিচ্যুত না হই। পেছনে ফিরে তাকানোর সময় এখন নয়; বরং সামনের সম্ভাবনাকে কাজে লাগিয়ে আরও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, বাহিনীর সক্ষমতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। সম্মিলিত প্রচেষ্টা ও নিষ্ঠার মাধ্যমে এ অগ্রযাত্রা বহুগুণে ত্বরান্বিত করতে হবে। এ লক্ষ্য অর্জনে বাহিনীর প্রতিটি সদস্যকে দায়িত্বশীল, কর্মনিষ্ঠ ও আত্মনিবেদিত হয়ে কাজ করতে হবে।

