আলোর পাঠশালার আন্তর্জাতিক স্বীকৃতি ‘দুর্গম এলাকার ভবিষ্যৎ প্রজন্মকেই আলোকিত করবে’

দেশের দুর্গম ও প্রান্তিক এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার মানবিক উদ্যোগ ‘আলোর পাঠশালা’র জন্য আন্তর্জাতিক সম্মাননা পেয়েছে দেশের অন্যতম শীর্ষ দৈনিক প্রথম আলো। এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার বিকেলে প্রথম আলো কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর সংগঠন ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশন (ইনমা) আয়োজিত ‘গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২৬’ এ সম্মানসূচক ‘ইনমা গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড’ অর্জন করেছে প্রতিষ্ঠানটি। গত ৭ মে জার্মানির বার্লিন শহরে গণমাধ্যমের বিশ্ব কংগ্রেসের সমাপনী অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়।

আজ অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রথম আলো ট্রাস্টের চেয়ারপারসন ও বার্জার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী।

ইনমায় পুরস্কার অর্জনের বিষয়টি তুলে ধরে প্রথম আলোর মহাব্যবস্থাপক আজওয়াজ খান জানান, ৪৬টি দেশের ২৭৪টি সংবাদমাধ্যমের ৯৬০টি উদ্যোগের মধ্যে ‘বেস্ট পাবলিক রিলেশনস অর কমিউনিটি সার্ভিস ক্যাম্পেইন (ন্যাশনাল ব্র্যান্ড)’ শ্রেণিতে প্রথম আলো এই সম্মানজনক স্বীকৃতি পেয়েছে।

পরবর্তীতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ট্রাস্টের বিস্তারিত কার্যক্রম তুলে ধরেন সমন্বয়ক মাহবুবা সুলতানা। তিনি জানান, ২০০৯ সালে শুরু হওয়া ‘আলোর পাঠশালা’ বর্তমানে কুড়িগ্রাম, রাজশাহী, ভোলা, নওগাঁ, টেকনাফ, বান্দরবান ও লক্ষ্মীপুরের দুর্গম এলাকায় মোট ৮টি স্কুল পরিচালনা করছে।

সামিট গ্রুপ ও আঞ্জুমান-আজিজ ট্রাস্টের আর্থিক সহায়তায় বর্তমানে ১ হাজার ৬৫০ শিক্ষার্থী এখানে বিনামূল্যে পড়াশোনা করছে। গত ১৬ বছরে এসব স্কুল থেকে প্রায় ২৫ হাজার শিক্ষার্থী শিক্ষাগ্রহণ করেছে।

অনুষ্ঠানে জানানো হয়, ২০০৫ সালে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পাওয়ার পর তার পুরস্কারের ৩৩ লাখ টাকা দিয়ে এই সামাজিক কার্যক্রমের সূচনা হয় এবং ২০০৯ সালে ট্রাস্টটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়। বর্তমানে ১০ জন ট্রাস্টির মাধ্যমে এটি পরিচালিত হচ্ছে।

শিক্ষাবৃত্তির বিষয়ে জানানো হয়, ২০০৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত ১ হাজার ৪৮৬ দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে ‘অদম্য মেধাবী’ শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে, যার মধ্যে ব্র্যাক ব্যাংক প্রতিবছর ৫০ জনকে বৃত্তি দেয়।

২০২২ সাল থেকে ব্র্যাক ব্যাংক ‘অপরাজেয় তারা’ নামে আরও ৫০ নারী শিক্ষার্থীকে বৃত্তি দিচ্ছে।

এছাড়া, ২০১২ সাল থেকে প্রথম কন্যাসন্তানের উচ্চশিক্ষার জন্য দেওয়া হচ্ছে ‘অদ্বিতীয়া শিক্ষাবৃত্তি’। এর পাশাপাশি ২০০৩ সাল থেকে মাদকবিরোধী আন্দোলন, ২০০০ সাল থেকে অ্যাসিডদগ্ধ নারীদের সহায়তা, রানা প্লাজা দুর্ঘটনার পর গঠিত ‘মেরিল-প্রথম আলো সহায়তা তহবিল’ এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে এই ট্রাস্ট।

আলোচনায় অংশ নিয়ে সামিট পাওয়ার লিমিটেড ও অয়েল অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেডের এমডি মেজর জেনারেল (অব.) মনিরুল ইসলাম আকন্দ বলেন, ‘আলোর পাঠশালা প্রান্তিক এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে। সামিট গ্রুপের এই জনকল্যাণমূলক কাজের প্রতি প্রতিশ্রুতি ও সার্বিক সহায়তা অব্যাহত থাকবে।’

আইডিএলসির চেয়ারম্যান কাজী মাহমুদ সাত্তার প্রথম আলো ট্রাস্টের মাধ্যমে প্রতিবছর দেওয়া বৃত্তির সংখ্যা ১০ থেকে বাড়িয়ে ১৫ জনে উন্নীত করার আশা প্রকাশ করেন। আইডিএলসির এমডি জামাল উদ্দিন জানান, তাদের সিএসআর তহবিলের পরিমাণ বাড়ানো হয়েছে এবং তারা প্রথম আলোর অন্যান্য কাজেও সহায়তা দেবেন।

ব্র্যাক ব্যাংকের হেড অব ইন্টারনাল কমিউনিকেশন অ্যান্ড সিএসআর শফিকুর রহমান ভূঁইয়া নারী শিক্ষার প্রসারে তাদের ‘অপরাজেয় তারা’ বৃত্তির সংখ্যা ৫০টি থেকে বাড়িয়ে ১০০টি করার ইচ্ছা পোষণ করেন।

ট্রাস্টের চেয়ারম্যান রূপালী চৌধুরী এই আন্তর্জাতিক অর্জনকে অনুপ্রেরণাদায়ক আখ্যা দিয়ে বলেন, ‘এখনো দেশের অনেক এলাকায় শিক্ষার আলো পৌঁছেনি, যা দুঃখজনক। প্রতিটি জেলায় এমন দুর্গম এলাকায় আলোর পাঠশালা করার ইচ্ছা আমাদের রয়েছে।’

সমাজের সামর্থ্যবানদের এই কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও ট্রাস্টের সদস্য আনিসুল হক বলেন, ‘সমাজ ও মানুষের ওপর বিনিয়োগ হলো সব থেকে বড় বিনিয়োগ। দুর্গম এলাকায় প্রথম আলো ট্রাস্ট শিক্ষার আলো জ্বালিয়ে দেওয়ার যে কাজ করছে তা ভবিষ্যৎ প্রজন্মকেই আলোকিত করবে।’

সবশেষে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘প্রথম আলো সাংবাদিকতার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ থেকে মানুষ ও সমাজের কল্যাণে সরাসরি কাজ করে। অনেক সহৃদয় ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহায়তায় এই ধরনের কল্যাণমূলক কাজ আগামীতেও অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সামিট মেঘনাঘাট ১ ও ২ এর এমডি ও সিইও মো. রিয়াজ উদ্দিন, সামিট বিবিয়ানা পাওয়ার কোম্পানির এমডি ও সিইও এস এম নূর উদ্দিন, সামিট করপোরেশনের হেড অব পাবলিক রিলেশন অ্যান্ড মিডিয়া মোহসেনা হাসান, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফয়সাল আল আমিন ও অমিত হাসান মন্ডল এবং ব্র্যাক ব্যাংকের সিএসআর কর্মকর্তা হান্না আনব্রীন প্রমুখ।

Related Articles

Latest Posts