আর্জেন্টাইন তরুণ বার্কোকে দলে ভেড়াল চেলসি

বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার হয়ে আলোচনায় আসা ভ্যালেন্তিন বার্কো এবার পাড়ি জমালেন ইংলিশ ফুটবলের অন্যতম বড় ক্লাব চেলসিতে। নতুন মৌসুম সামনে রেখে দলকে ঢেলে সাজানোর পরিকল্পনায় থাকা চেলসি রোববার স্ট্রাসবুর্গ থেকে এই আর্জেন্টাইন মিডফিল্ডারকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে। সাত বছরের চুক্তিতে স্টামফোর্ড ব্রিজে যোগ দিয়েছেন ২২ বছর বয়সী এই তরুণ।

বার্কোকে নিয়ে এবারের দলবদলে চেলসির খেলোয়াড় সংগ্রহের সংখ্যা দাঁড়াল সাতজনে। মজার বিষয় হলো, স্ট্রাসবুর্গ ও চেলসি একই মালিকানাধীন গোষ্ঠীর অধীনে পরিচালিত হওয়ায় দুই ক্লাবের মধ্যে খেলোয়াড় লেনদেন নতুন কিছু নয়। চলতি দলবদলে বার্কোর আগে স্ট্রাসবুর্গ থেকে চেলসিতে যোগ দিয়েছেন এমানুয়েল এমেগা। গত মৌসুমের শুরু থেকে দুই ক্লাবের মধ্যে এটি ১৩তম খেলোয়াড় লেনদেন।

আর্জেন্টিনার জাতীয় দলের হয়েও বার্কোর সাম্প্রতিক পথচলা বেশ আলোচিত। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে আর্জেন্টিনার ফাইনালে ওঠার অভিযানে দলের অংশ ছিলেন তিনি। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পরও আলোচনায় এসেছিলেন এই তরুণ। উদযাপনের সময় তাকে পেছন থেকে আঘাত করেন ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহাম।

মাঠে একাধিক পজিশনে খেলার সামর্থ্যই বার্কোর অন্যতম বড় শক্তি। বাঁ প্রান্তের রক্ষণভাগে যেমন খেলতে পারেন, তেমনি মাঝমাঠেও দায়িত্ব পালন করতে সক্ষম এই আর্জেন্টাইন। ফলে নতুন কোচ জাবি আলোনসোর পরিকল্পনায় তার বহুমুখী দক্ষতা চেলসিকে বাড়তি সুবিধা দিতে পারে।

ইংলিশ ফুটবলে অবশ্য বার্কোর এটি প্রথম পদার্পণ নয়। তিন মৌসুম আগে ব্রাইটনের হয়ে অল্প সময়ের জন্য প্রিমিয়ার লিগে খেলেছিলেন তিনি। এরপর ২০২৪ সালে ব্রাইটন থেকে ধারে স্ট্রাসবুর্গে যোগ দেন। সেখানে নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়ার পর এক বছর পর স্থায়ীভাবে ফরাসি ক্লাবটিতে যোগ দেন তিনি।

স্ট্রাসবুর্গের হয়ে দুই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৮ ম্যাচ খেলেছেন বার্কো। এ সময়ে তার নামের পাশে রয়েছে তিন গোল ও ১১টি অ্যাসিস্ট। তার পারফরম্যান্সে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল স্ট্রাসবুর্গের ইউরোপা কনফারেন্স লিগে জায়গা করে নেওয়ার পথেও।

বার্কোকে দলে নেওয়া চেলসির ব্যস্ত দলবদলেরই আরেকটি অধ্যায়। নতুন কোচ জাবি আলোনসোর অধীনে দলকে নতুনভাবে গড়ে তুলতে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে লন্ডনের ক্লাবটি। শনিবারই অভিজ্ঞ স্ট্রাইকার ড্যানি ওয়েলবেককে ব্রাইটন থেকে দলে নেওয়ার ঘোষণা দিয়েছিল তারা।

এর আগে ক্রিস্টাল প্যালেস থেকে ম্যাক্সেন্স লাক্রোয়া এবং অ্যাস্টন ভিলা থেকে মরগান রজার্সকেও দলে ভিড়িয়েছে চেলসি। এর পাশাপাশি মার্কো পালেস্ত্রা, এমানুয়েল এমেগা ও জিওভানি কুয়েন্দার সঙ্গেও চুক্তি করেছে তারা।

গত মৌসুমে প্রিমিয়ার লিগে মাত্র ১০ম স্থানে থেকে শেষ করেছিল চেলসি। তাই নতুন কোচ আলোনসোর অধীনে এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্য তাদের। নতুন মৌসুমে চেলসির প্রথম ম্যাচ ২৪ আগস্ট ফুলহামের বিপক্ষে।

 

Related Articles

Latest Posts