অনূর্ধ্ব-২০ দলের ক্যাম্পে অ্যাডাম আব্বাস, ফুলহ্যাম ছাড়লেন ফারহান আলী

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব সামনে রেখে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের ক্যাম্পে যোগ দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যপ্রবাসী ফুটবলার অ্যাডাম আব্বাস। অন্যদিকে, বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যপ্রবাসী আরেক প্রতিভাবান ফুটবলার ফারহান আলী ওয়াহিদ ধারে ফুলহ্যাম ছেড়ে যোগ দিয়েছেন ন্যাশনাল লিগের (ইংল্যান্ডের ফুটবল লিগের পঞ্চম স্তর) দল বোরহ্যাম উডে।

১৯ বছর বয়সী উইঙ্গার আব্বাসের বেড়ে ওঠা ম্যানচেস্টার ইউনাইটেড ও বার্নলির মতো ক্লাবের যুব একাডেমিতে। পারিবারিক শেকড়ের সুবাদে বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর সুযোগ পাচ্ছেন তিনি। উজবেকিস্তানে হতে যাওয়া এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বের প্রস্তুতির জন্যই মূলত তাকে যশোরে চলমান ক্যাম্পে যুক্ত করা হয়েছে।

আগামী ৩১ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বাছাইপর্বের লড়াই। ড্র অনুযায়ী ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে স্বাগতিক উজবেকিস্তান, প্রতিবেশী ভারত ও সিরিয়া। নিয়ম অনুযায়ী, আটটি গ্রুপের চ্যাম্পিয়ন ও সাতটি সেরা রানার্সআপ দল এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। আগামী বছরের ২৪ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত চীনে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি।

অন্যদিকে, ফুলহ্যামের যুব একাডেমি থেকে উঠে আসা ফারহান নিজেকে আরও শাণিত করতে এবং বয়সভিত্তিক ফুটবলের গণ্ডি পেরিয়ে সিনিয়র বা মূল দলে খেলার অভিজ্ঞতা অর্জন করতে চাইছেন। সেজন্য ধারে বোরহ্যাম উডে পাড়ি জমিয়েছেন ১৯ বছর বয়সী এই উইঙ্গার।

গত মৌসুমে ‘প্রিমিয়ার লিগ টু’-এ (ইংল্যান্ডের ক্লাবগুলোর যুব একাডেমির অনূর্ধ্ব-২১ খেলোয়াড়দের জন্য আয়োজিত লিগ) দারুণ পারফর্ম করে নজর কাড়েন ফারহান। নভেম্বরে মাত্র দুই ম্যাচ খেলে তিন গোল করে লিগের মাসসেরা খেলোয়াড়ের স্বীকৃতিও আদায় করে নেন তিনি। এছাড়া, ফুলহ্যাম অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ১৭ ম্যাচে সাতটি গোল রয়েছে তার নামের পাশে। এমনকি প্রাক-মৌসুমের একটি প্রীতি ম্যাচে ফুলহ্যামের মূল দলের হয়েও তার অনানুষ্ঠানিক অভিষেক হয়েছে।

যখন আন্তর্জাতিক ফুটবলের বয়সভিত্তিক পর্যায়ে নিজেকে প্রমাণের দারুণ একটি সুযোগ আব্বাসের সামনে, তখন ধারে খেলতে যাওয়া ফারহানকে পেশাদার ফুটবলের কঠিন মঞ্চে আরও পরিপক্ব করে তুলবে বলে ধারণা করা হচ্ছে। আর ইউরোপের বিভিন্ন লিগে খেলা প্রতিভাবান প্রবাসী ফুটবলারদের যুক্ত করার মাধ্যমে বাংলাদেশ মূলত তাদের পাইপলাইন সমৃদ্ধ করার ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

Related Articles

Latest Posts