৭ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের সম্ভাব্য তারিখ ১২ নভেম্বর

স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সাত ধাপে করার পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপের সম্ভাব্য তারিখ ১২ নভেম্বর।

আজ সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।  

তিনি বলেন, প্রথম ধাপে ৮০টি উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হবে। তৃতীয় ধাপে এসব আলোচনা করার পরিকল্পনা রয়েছে।

ইসি সানাউল্লাহ বলেন, সাত ধাপে স্থানীয় সরকার নির্বাচন করতে চায় কমিশন। প্রথম ধাপের নির্বাচনের সম্ভাব্য তারিখ ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপ ৩০ ডিসেম্বর, চতুর্থ ধাপ ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপ ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপ ২২ এপ্রিল ও সপ্তম ধাপের ভোটের সম্ভাব্য তারিখ ২৭ মে।
 

Related Articles

Latest Posts