৫০৬ কোটি টাকা বিদ্যুৎ বিল: মাগুরা পল্লীবিদ্যুতের জিএম বরখাস্ত

এক আবাসিক গ্রাহকের এক মাসে ২৩৫ ইউনিটের জন্য ৫০৬ কোটি টাকার বেশি বিদ্যুৎ বিল আসার ঘটনায় মাগুরা পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারকে (জিএম) সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর জরুরি নির্দেশনায় আজ বুধবার পল্লী বিদ্যুতের মাগুরার জিএম মো. মহিতুল ইসলামকে বরখাস্ত করা হয়।

মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভূতুড়ে বিলের খবর ছড়িয়ে পড়ার পর মন্ত্রী ভুক্তভোগী গ্রাহককে ফোন করে দুঃখ প্রকাশ করেন বলে এতে উল্লেখ করা হয়।

বিলটি হয়েছিল মাগুরা সদর উপজেলার মাঘী ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক শহিদুল ইসলামের স্ত্রী আলেয়া খাতুনের নামে।

সেপ্টেম্বর মাসে ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের জন্য তার নামে ৫০৬ কোটি ৮৩ লাখ টাকার বিল তৈরি করা হয়।

বিলের বিবরণীতে মিটারের রিডিং দেখা যায়, ১৬০ থেকে বেড়ে ৩৯৫ ইউনিট। তার এই ২৩৫ ইউনিটের প্রকৃত বিদ্যুৎ বিল হওয়ার কথা ছিল ৯৫৬ টাকা।

তবে বিলে ডিমান্ড চার্জ হিসেবে ৪৮২ কোটি ৬৯ লাখ টাকা এবং ভ্যাট বাবদ আরও ২৪ কোটি ১৩ লাখ টাকা যোগ করায় মোট বিলের পরিমাণ দাঁড়ায় ৫০৬ কোটি ৮৩ লাখ টাকা।

মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে মিটার পরিবর্তনের সময় এই ভুল হয়। মিটারের সিল নম্বরের ডিজিটগুলো ভুলবশত ডিমান্ড চার্জের ঘরে বসিয়ে দেওয়া হয়েছিল।

এই ভুল তথ্যের কারণেই এত বিশাল অঙ্কের বিল তৈরি হয়।

মন্ত্রণালয় জানায়, এ ধরনের মারাত্মক ও অগ্রহণযোগ্য অবহেলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মন্ত্রী। এ ঘটনায় জড়িত অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধেও বিভাগীয় ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

গ্রাহকের সঙ্গে ফোনালাপে মন্ত্রী আশ্বস্ত করেন, বিলটি সংশোধন করা হচ্ছে।

Related Articles

Latest Posts