৫ অধিনায়ক বেছে নিল বার্সেলোনা, আছেন ইয়ামালও

এবারের মৌসুমের জন্য পাঁচজন অধিনায়ক বেছে নিল লা লিগার শিরোপাধারী বার্সেলোনা। ভ্যালেন্সিয়ার মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে কাতালানদের কোচ জানালেন তাদের নাম।

এই পাঁচজন অধিনায়ক হলেন রাফিনিয়া, পেদ্রি, এরিক গার্সিয়া, ফ্রেঙ্কি ডি ইয়ং ও লামিন ইয়ামাল। এদের মধ্যে ২৯ বছর বয়সী ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া হলেন মূল বা স্থায়ী অধিনায়ক। সহ-অধিনায়কের ভূমিকায় থাকবেন স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি। তার জাতীয় দলের সতীর্থ ডিফেন্ডার এরিক হলেন তৃতীয় অধিনায়ক। চতুর্থ অধিনায়ক ডাচ মিডফিল্ডার ডি ইয়ং। আর পঞ্চম অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ১৯ বছর বয়সী তরুণ স্প্যানিশ উইঙ্গার ইয়ামাল।

রোববার লা লিগায় অ্যাওয়ে ম্যাচে ভ্যালেন্সিয়াকে মোকাবিলার আগে বার্সার কোচ হান্সি ফ্লিক শোনান অধিনায়কদের নাম, ’আমি নিজে দুজনকে বেছে নিয়েছি—রাফিনিয়া ও পেদ্রিকে। আর বাকি তিনজনকে সবাই ভোট দিয়ে নির্বাচন করেছে— এরিক, ফ্রেঙ্কি ও লামিন।’

নিজের সিদ্ধান্তের ব্যাখ্যায় তিনি বলেন, ‘আমার কোচিং স্টাফ ও আমি— আমরা এখানে দুই বছর ধরে আছি। তাই দলের ভেতর কী ঘটছে সে বিষয়ে আমাদের এখন বেশ স্পষ্ট ও বিস্তারিত ধারণা আছে।’

রাফিনিয়া ও পেদ্রির নেতৃত্বগুণ নিয়ে এই জার্মান কোচের ভাষ্য, ‘দলের দিকে তাকালে আমার মনে হয়, রাফিনিয়া ও পেদ্রির প্রভাবই সবচেয়ে বেশি। কারণ ওরা প্রায় প্রতিটি ম্যাচেই খেলে। সিদ্ধান্ত নেওয়াটা একদম সহজ ছিল। আগেই বলেছি, এই দলকে আমি এখন আগের চেয়ে অনেক ভালো বুঝি।’

জার্মান গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন ও উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্দ আরাউহো ধারে দল ছেড়েছেন। টের স্টেগেন ডাচ ক্লাব আয়াক্স আমস্টারডাম ও আরাউহো ইংলিশ ক্লাব লিভারপুলে যোগ দিয়েছেন। তাই নতুন নেতৃত্ব খুঁজে নেওয়ার চাহিদা ছিল বার্সেলোনার।

গত ২০২৫-২৬ মৌসুমে ফ্রেঙ্কি সহ-অধিনায়ক, রাফিনিয়া তৃতীয় ও পেদ্রি চতুর্থ অধিনায়ক ছিলেন। এবার নেতৃত্বে যুক্ত হলেন এরিক ও ইয়ামাল। আর রাফিনিয়া গড়ে ফেলেছেন অনন্য কীর্তি। বার্সার ইতিহাসে প্রথম স্থায়ী ব্রাজিলিয়ান অধিনায়ক তিনি।

চলতি মৌসুমের শুরুটা দুর্দান্ত হয়েছে শিরোপা ধরে রাখার অভিযানে থাকা বার্সেলোনার। তিন ম্যাচে তিন জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে তারা আছে লা লিগার শীর্ষে। দুই গোল হজমের বিপরীতে ১২টি গোল করেছে ফ্লিকের শিষ্যরা। এর মধ্যে পাঁচটি করেছেন ছন্দে থাকা রাফিনিয়া।

Related Articles

Latest Posts