বলিউড অভিনেত্রী টাবুকে ২৮ বছর পর দক্ষিণী সুপারস্টার নার্গাজুনার সঙ্গে দেখা যাবে। তিনি ইতোমধ্যে ‘কিং ১০০’ সিনেমার শুটিং শুরু করেছেন।
আজ মঙ্গলবার বলিউড হাঙ্গামার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
এই সিনেমাটি নাগার্জুনার ক্যারিয়ারের ১০০তম চলচ্চিত্র হওয়ায় বিশেষ তাৎপর্যপূর্ণ। সিনেমাটি প্রযোজনা করছে তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান অন্নপূর্না স্টুডিওস।
এটি হবে টাবু ও নাগার্জুনার চতুর্থ যৌথ কাজ। দীর্ঘদিন পর এই জুটিকে আবার একসঙ্গে পর্দায় দেখতে পেয়ে ভক্তরাও খুশি।
টাবু সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ক্ল্যাপবোর্ডের ছবি শেয়ার করে জানান, তিনি শুটিংয়ে যোগ দিয়েছেন। পাশাপাশি নির্মাতাদের ট্যাগ করে প্রকল্পটি নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন।
এর আগে টাবু ও নাগার্জুনা একাধিক সিনেমায় কাজ করেছেন। তাদের সবচেয়ে জনপ্রিয় কাজগুলোর একটি হলো ১৯৯৬ সালের তেলেগু ব্লকবাস্টার নিননে পেল্লাডাটা। সিনেমাটি বাণিজ্যিক ও সমালোচনা—দুই দিক থেকেই সফল ছিল এবং এটি সেরা তেলেগু চলচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতেছিল।
এর আগে ১৯৯৫ সালের সিসিনদ্রি সিনেমায় টাবু সংক্ষিপ্ত একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেন, যা প্রযোজনা করেছিলেন নাগার্জুনা এবং এতে তাঁর ছেলে আখিল আক্কেনি শিশু শিল্পী হিসেবে অভিনয় করেছিলেন। পরে ১৯৯৮ সালের রোমান্টিক কমেডি আভিদা মা আভিদেতেও এই জুটি একসঙ্গে কাজ করেন।
প্রায় তিন দশক পর ‘কিং ১০০’ এর মাধ্যমে তারা আবার নতুনভাবে একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। যদিও চরিত্র সম্পর্কে বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে, তাদের ভিন্নধর্মী চরিত্রে দেখা যাবে।

