২ হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার, অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে মামলা

কক্সবাজারের একটি হোটেল থেকে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে ৬ চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

তাদের কাছ থেকে ১ হাজার ৯৩৮ আইফোন এবং ৩০-৪০টি ল্যাপটপ জব্দ করা হয়েছে।

আজ শুক্রবার কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কক্সবাজার শহরের ‘হোটেল সি প্যালেসে’ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, রামু থানায় দায়ের করা একটি অভিযোগের সূত্র ধরে ঢাকা পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অহিদুর রহমান বলেন, ‘ওই ৬ চীনা নাগরিকের বিরুদ্ধে অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধ সংক্রান্ত একটি মামলা হয়েছে।’

তবে মামলার নম্বর, আসামিদের নাম বা নির্দিষ্ট অভিযোগসহ বিস্তারিত তথ্য দিতে পারেননি তিনি।

তাদের কাছ থেকে বিদেশি আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত ডিভাইসের মতো কিছু সরঞ্জামও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, কক্সবাজারে এ ধরনের কার্যক্রমে আরও অনেক বিদেশি নাগরিক জড়িত থাকতে পারে।

নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্রের দাবি অনুযায়ী, প্রায় ২০০-৩০০ চীনা ও তাইওয়ানের কয়েকজন কক্সবাজারের মেরিন ড্রাইভ সংলগ্ন দুটি হোটেল ভাড়া নিয়ে অনলাইন জুয়া ও প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

তবে, পুলিশ আনুষ্ঠানিকভাবে এত বিপুল সংখ্যক বিদেশি নাগরিকের সম্পৃক্ততা বা তাদের অভিযোগের বিস্তারিত করে নিশ্চিত কিছু জানায়নি। সূত্রটি আরও জানায়, এ ঘটনায় জড়িতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

হোটেল সি প্যালেস কর্তৃপক্ষ ডেইলি স্টারকে জানায়, ২৬ আগস্ট চীনা নাগরিকদের একটি দল হোটেলে ওঠে। বৃহস্পতিবার রাতে পুলিশের অভিযানে তাদের কয়েকজনকে আটক করা হয়।

তবে ওই চীনা নাগরিকরা কী উদ্দেশ্যে কক্সবাজারে এসেছিলেন বা হোটেলে অবস্থানকালে তারা কী ধরনের কার্যক্রম চালাচ্ছিলেন—সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি হোটেল কর্তৃপক্ষ।

এ বিষয়ে জানতে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আনোয়ারুল হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

Related Articles

Latest Posts