ঈদুল আজহায় মুক্তির তালিকায় যোগ হয়েছে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত ‘মালিক’ সিনেমাটি। ইতোমধ্যে সিনেমার নতুন দুটি পোস্টার প্রকাশিত হয়েছে।
প্রথম পোস্টারে আরিফিন শুভকে অ্যাকশন লুকে দেখা গেছে এবং দ্বিতীয় পোস্টারে রোমান্টিক আবহে ধরা দিয়েছেন শুভ-মিম জুটি।
এ বিষয়ে সিনেমার পরিচালক সাইফ চন্দন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমরা প্রথমে দুটি পোস্টার দিয়ে সিনেমাটি ঈদে মুক্তির ঘোষণা দিলাম। আগামীকাল শনিবার সিনেমার সেন্সর হলে গান ও ট্রেলার মুক্তি দেবো। এখন কলকাতায় শেষ মুহূর্তের কাজ করছি। আশা করছি সিনেমাটি ঈদের আনন্দ আরও বাড়িয়ে দেবে।’
তিনি আরও বলেন, ‘মালিক অ্যাকশন ঘরানার সিনেমা, এক জেদি মানুষের গল্প। যে মায়ের সম্মান ও অধিকার আদায়ের লড়াইয়ে নেমে অপরাধ জগতের ক্ষমতাধর ব্যক্তি হয়ে যায়। সেই মালিক চরিত্রে থাকছেন আরিফিন শুভ। অন্যদিকে মিমকে একেবারে নতুনভাবে আবিষ্কার করবেন দর্শক।’
‘মালিক’ সিনেমার সাত বছর আগে এই জুটিকে সর্বশেষ ‘সাপলুডু’ সিনেমায় দেখা গিয়েছিল।

