নরওয়ের জার্সিতে মাঠে নেমেছিলেন গোলের আশায়। কিন্তু ম্যাচ শেষ হওয়ার আগেই চোটের শঙ্কা নিয়ে মাঠ ছাড়তে হলো আর্লিং হালান্ডকে। পর্তুগালের বিপক্ষে উয়েফা নেশন্স লিগের ম্যাচে চোট পেয়ে নরওয়ের এই তারকা স্ট্রাইকারকে তুলে নেওয়ার পর এখন দুশ্চিন্তায় ম্যানচেস্টার সিটি।
ঘটনার শুরু ম্যাচের ৬৫তম মিনিটের দিকে। আক্রমণে গিয়ে গোলের সুযোগ তৈরির পর হালান্ড হঠাৎ বেঞ্চের দিকে ইশারা করে জানান, তিনি অস্বস্তি অনুভব করছেন এবং মাঠ ছাড়তে চান। তার বদলি হিসেবে জর্গেন স্ট্র্যান্ড লারসেনকে প্রস্তুত করা হলেও আরও কয়েক মিনিট মাঠে ছিলেন হালান্ড।
তবে সেই সময়েই স্পষ্ট হয়ে ওঠে সমস্যাটা। মাঠে হাঁটার সময় হালান্ডকে খুঁড়িয়ে চলতে দেখা যায়। শেষ পর্যন্ত ৬৭তম মিনিটে তাকে তুলে নেওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পেশিতে চোট পেয়েছেন নরওয়ের এই ফরোয়ার্ড। তবে চোটের ধরন ও গুরুতরতা নিশ্চিত হতে আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন।
তবে স্বস্তির বিষয়ও আছে। মাঠ ছাড়ার সময় কারও সাহায্য নিতে হয়নি হালান্ডকে। নিজেই হেঁটে মাঠের বাইরে যান তিনি। এমনকি বেঞ্চে যাওয়ার আগে স্ট্র্যান্ড লারসেনকে হাসিমুখে আলিঙ্গনও করেন। তাই আপাতত বড় ধরনের চোটের আশঙ্কা নিশ্চিত করে বলার মতো কোনো তথ্য নেই।
তবু ম্যানচেস্টার সিটির জন্য সময়টা অস্বস্তির। কারণ সামনে অপেক্ষা করছে মৌসুমের গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ। আগামী রোববার অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে মাঠে নামবে সিটি। তার মাত্র কয়েক দিন পর, বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে তাদের প্রতিপক্ষ পিএসজি।
এমন গুরুত্বপূর্ণ সময়ে হালান্ডের চোটের মাত্রা নিয়ে অনিশ্চয়তা তাই সিটির দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে পেশির চোট নিশ্চিত হলে লিভারপুলের বিপক্ষে তার খেলা নিয়ে সংশয় তৈরি হতে পারে। একই শঙ্কা রয়েছে পিএসজির বিপক্ষে ম্যাচ নিয়েও।

