ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় মোটরসাইকেলের হর্ন দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার জোড়াদাহ ইউনিয়নের হরিশপুর ও পাখিমারা এলাকার বরইতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম দেলোয়ার বিশ্বাস (৪৫)। তিনি হরিশপুর গ্রামের খাইবার বিশ্বাসের ছেলে। সংঘর্ষে আহত হয়েছেন হরিশপুর গ্রামের আতিয়ারের ছেলে শুভ (২২), একই গ্রামের ভিকু মণ্ডলের ছেলে আবু তালেব (৫৫) এবং ভাইনা গ্রামের আনোয়ারের ছেলে মহাবুর। তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঈদের আনন্দ উদ্যাপন করতে বিভিন্ন এলাকার মানুষ বরইতলায় জড়ো হয়েছিলেন। এ সময় মোটরসাইকেলের হর্ন বাজানো এবং রাস্তায় সাইড দেওয়া নিয়ে শুভ ও লাল্টু নামের দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়।
তর্কের জেরে হরিশপুর ও পাখিমারা গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। দেশি অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষের সময় দেলোয়ার বিশ্বাস গুরুতর আহত হন। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসকেরা সেখান থেকে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতরাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, কুষ্টিয়ায় চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এলাকার বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

