স্টেশন পরিষ্কার করে দিন চলত বুবির, ছিনতাইকারীর হামলায় মৃত্যু

নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলওয়ে স্টেশনে ছিনতাইকারীদের হামলায় আহত বৃদ্ধ পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম (৭০) মারা গেছেন। স্থানীয়দের কাছে তিনি ‘বুবি’ নামে পরিচিত ছিলেন।

মঙ্গলবার রাতে অবস্থার অবনতি হলে তাকে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে দিবাগত রাত সোয়া ১টার দিকে তার মৃত্যু হয়।

রায়পুরার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, প্রায় ২৫ বছর আগে ট্রেনে চড়ে মেথিকান্দা স্টেশনে এসেছিলেন বাক্‌প্রতিবন্ধী বুবি। এরপর তিনি আর কোথাও ফিরে যাননি; স্টেশনই হয়ে ওঠে তার ঠিকানা।

তিনি স্টেশনে পরিচ্ছন্নতার কাজ করতেন, এর বিনিময়ে দোকানদারদের কাছ থেকে টাকা নিতেন। তবে তিনি নিয়োগপ্রাপ্ত কেউ ছিলেন না। কাজের পাশাপাশি তিনি মাঝে মাঝে ভিক্ষাও করতেন। স্টেশনের যাত্রী ও স্থানীয়দের দেওয়া সহায়তা এবং প্ল্যাটফর্ম পরিষ্কার করে পাওয়া টাকা দিয়ে তিনি চলতেন। অল্প অল্প করে তিনি প্রায় ৪০ হাজার টাকা সঞ্চয় করেছিলেন।

কিন্তু গত শনিবার দিবাগত রাত ২টার দিকে কয়েকজন দুর্বৃত্ত বুবির কক্ষে ঢুকে টাকা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা তাকে পিটিয়ে গুরুতর আহত করে এবং কক্ষে লুকিয়ে রাখা প্রায় ৪০ হাজার টাকা লুট করে পালিয়ে যায়।

পরদিন সকালে আহত বুবিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা। পরে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা প্রশাসন, পুলিশ, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বুবির চিকিৎসা ও সহায়তায় এগিয়ে আসে। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো গেল না।

ইউএনও মো. মাসুদ রানা জানান, ময়নাতদন্তের পর বুবির লাশ রায়পুরায় দাফন করা হবে।

তিনি আরও বলেন, ‘গত ৫ জুলাই রাতে প্রশাসনের পক্ষ থেকে এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। হামলায় জড়িতদের দ্রুতই বিচারের মুখোমুখি করা হবে।’

Related Articles

Latest Posts