সৌদি বিমানবন্দরে হামলা: ঢাকা থেকে রিয়াদগামী ৭ ফ্লাইট বাতিল

সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর সেখানে কার্যক্রম স্থগিত করায় আজ দুপুর ১টা পর্যন্ত ঢাকা থেকে রিয়াদগামী অন্তত সাতটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাউসার মাহমুদ দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ফ্লাইট-ট্র্যাকিং ডেটা ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, রিয়াদগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস৩৮১ ফ্লাইটটি গতকাল ওমানের মাসকাটে ডাইভার্ট (পথ পরিবর্তন) করা হয়েছিল এবং আজ ভোরে সেটি ঢাকায় ফিরে আসে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গতকাল তাদের ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের বিজি৩৩৯ এবং বিজি৩৪০ ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করে।

এয়ারলাইন্স কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ফ্লাইটের যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দিয়েছে এবং জানিয়েছে, পরিস্থিতি পর্যালোচনার পর পরিবর্তিত সময়সূচি জানানো হবে।

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাতে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার এক হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হন।  

নিহতদের মধ্যে দুই বাংলাদেশি ছাড়াও রয়েছেন চার সৌদি নাগরিক এবং একজন করে মার্কিন, মিশরীয়, জর্ডানীয়, সিরীয়, ফিলিস্তিনি ও সুদানি নাগরিক।

Related Articles

Latest Posts