আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (এসসিবিএ) নির্বাচনে আওয়ামী লীগপন্থী কোনো আইনজীবী অংশ নিতে পারবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন সমিতির সদস্যরা। তারা বলছেন, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় দলটির সমর্থক আইনজীবীদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই।
গতকাল রোববার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাউথ হলে অনুষ্ঠিত সাধারণ সদস্যদের এক বিশেষ সাধারণ সভায় (ইজিএম) এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি ও বিএনপিপন্থী আইনজীবী হুমায়ুন কবির মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রায় ৩০০ আইনজীবী উপস্থিত ছিলেন। এসসিবিএ সূত্র জানায়, উপস্থিত আইনজীবীদের বেশির ভাগই বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থক।
বিশেষ সাধারণ সভা পরিচালনা করেন এসসিবিএ সম্পাদক ব্যারিস্টার মো. মাহফুজুর রহমান মিলন। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, সন্ত্রাসবিরোধী আইন-২০০৯-এর আওতায় আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এ কারণে দলটির সমর্থক আইনজীবীদের আসন্ন বার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে সমিতির প্রায় ১০০ জন সদস্য এর আগে নেতাদের কাছে বিশেষ সাধারণ সভা ডাকার অনুরোধ করেছিলেন। সেই অনুযায়ী আজকের (রোববার) সভা অনুষ্ঠিত হয় এবং সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতেই এই সিদ্ধান্ত হয়েছে।
তিনি আরও জানান, বিশেষ সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী, যারা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ বা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সমর্থক ছিলেন এবং দলটির কোনো পদে দায়িত্ব পালন করেছেন, তারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। তবে চাইলে কোনো আইনজীবী স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিতে পারবেন।
ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন জানান, এই সিদ্ধান্তের বিষয়টি সুপ্রিম কোর্ট বার নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশনের কাছে জানানো হবে। হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দীন চৌধুরীর নেতৃত্বাধীন কমিশন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
বার সম্পাদক বলেন, আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। কারণ, বিএনপি, জামায়াত ও অন্যান্য রাজনৈতিক দলের সমর্থক আইনজীবীরা এতে অংশ নেবেন। তিনি জানান, আসন্ন এই নির্বাচনে আট হাজারের বেশি আইনজীবী ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন।
উল্লেখ্য, ১৩ ও ১৪ মে দুই দিনব্যাপী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে সভাপতি ও সম্পাদকসহ মোট ১৪টি পদে আগামী এক বছরের জন্য নেতৃত্ব নির্বাচন করবেন আইনজীবীরা।

