সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বনদস্যুরা দুইজন বনজীবীকে অপহরণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গত শনিবার বিকেলে সুন্দরবনের মাহমুদা নদীর মাইটভাঙা খাল থেকে বলদস্যু আলিম ওরফে আলিফ বাহিনীর সদস্যরা তাদের অপহরণ করেন।
অপহৃতরা হলেন- শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামের ইসমাইল শেখ (২৮) ও আব্দুল করিম (৪৮)।
সুন্দরবন থেকে ফিরে আসা সহকর্মী বনজীবী আকবর আলীর ভাষ্য, গত ২৬ ও ২৮ এপ্রিল কদমতলা স্টেশন থেকে পাশ নিয়ে তারা সুন্দরবনে প্রবেশ করেন। ইসমাইল শেখের দল মাছ শিকারে ও আব্দুল করিম মধু সংগ্রহে গিয়েছিলেন।
শনিবার বিকেলে মাইকভাঙা খালে অবস্থানকালে দুইটি নৌকায় করে আসা জলদস্যুরা তাদের ঘিরে ফেলেন। পরে নৌকা থেকে দুইজন বনজীবীকে তুলে নিয়ে যান।
বনদস্যু বাহিনী যাওয়ার সময় বলে যায়, কত টাকা মুক্তিপণ ধার্য করা হয়েছে এবং কোথায় টাকা পৌঁছে দিতে হবে, তা পরে মুঠোফোনে জানানো হবে।
কিন্তু আজ সোমবার সকাল সাড়ে নয়টা পর্যন্ত বনদস্যুদের কাছ থেকে তাদের স্বজনদের কাছে কোন বার্তা আসেনি।
এ বিষয়ে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মশিউর রহমান বলেন, বনজীবী অপহরণের বিষয়ে এখনো তাদের কাছে আনুষ্ঠানিক কোনো অভিযোগ আসেনি। তবে বিভিন্ন মারফত তারা দুজন বনজীবীকে সুন্দরবনের ভেতর থেকে অপহরণ করা হয়েছে বলে শুনেছেন।
তিনি বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালেদুর রহমান বলেন, জিম্মি বনজীবীদের নিরাপত্তার কথা বিবেচনায় অধিকাংশ ক্ষেত্রে স্বজনরা প্রশাসনকে বিষয়টি জানাতে চান না। ভুক্তভোগীদের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

