সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে ডাকাত দল ‘দুলাভাই’ বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় বাহিনীপ্রধানসহ দুজনকে আটক করা হয়েছে।
আজ শনিবার দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানিয়েছেন।
আটক দুজন হলেন—খুলনার কয়রা থানার বাসিন্দা ও ‘দুলাভাই’ বাহিনীপ্রধান রবিউল ইসলাম (৫০) এবং সাতক্ষীরার আশাশুনি থানার বাসিন্দা ইসরাফিল হাওলাদার (২৬)।
নিহত শওকত সরদার (৫৫) খুলনার কয়রা থানার বাসিন্দা।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম বলেন, ডাকাত দল ‘দুলাভাই’ বাহিনীর সদস্যরা খুলনার কয়রা থানার বনপাড়া-সংলগ্ন সুন্দরবনের গহিনে অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল থেকে টানা দুই দিন কোস্টগার্ডের একাধিক দল বিশেষ অভিযান চালায়।
তিনি বলেন, অভিযানে দস্যুদের দুটি বোট শনাক্ত করে থামার সংকেত দেন কোস্টগার্ড সদস্যরা। তবে দস্যুরা তাদের লক্ষ করে গুলি করে। আত্মরক্ষার্থে কোস্টগার্ডও পাল্টা গুলি চালায়। গোলাগুলির একপর্যায়ে দস্যুদের একটি বোটে আগুন ধরে যায় ও অপরটি ডুবে যায়।
‘পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ‘দুলাভাই’ বাহিনীর প্রধান রবিউল ও সদস্য শওকতকে আটক করা হয়। তাদের দ্রুত কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক শওকতকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা শেষে রবিউলকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে,’ বলেন তিনি।
সাব্বির আলম বলেন, অভিযানের সময় পালিয়ে যাওয়া ডাকাত ইসরাফিল হাওলাদারকে পরে মঠবাড়িয়া পুলিশ ফাঁড়ির সামনে থেকে হাতের আঙুলে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। পরে তাকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কোস্টগার্ডের এই কর্মকর্তা বলেন, এছাড়া আরশিবসা নদীর বেসুখাল এলাকায় তল্লাশি চালিয়ে ছয়টি একনলা বন্দুক, ৬৯ রাউন্ড কার্তুজ, ৩ রাউন্ড ফাঁকা কার্তুজ ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

