সুদানে ব্যস্ত বাজারে সামরিক ড্রোন হামলা, নিহত শতাধিক

সুদানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দক্ষিণ দারফুর প্রদেশের রাজধানী নিয়ালার একটি ব্যস্ত বাজারে সেনাবাহিনীর ড্রোন হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১৩ জন।

মানবাধিকার সংগঠন ইমার্জেন্সি লইয়ার্সের এক বিবৃতির বরাতে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।

সংগঠনটির ভাষ্য, সোমবার সন্ধ্যায় চালানো এ হামলায় নিহত ও আহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছেন। ঘটনার স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে তারা।

বিবৃতিতে সংগঠনটি বলেছে, এ হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা স্থানীয় বাসিন্দাদের জীবনকে আরও ঝুঁকির মধ্যে ফেলেছে।

এর আগে আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) জানায়, নিয়ালায় তাদের হাসপাতালে ৩৬ জনের মরদেহ নেওয়া হয়েছে। এ ছাড়া জরুরি বিভাগে ১৫০ জন আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

এপির প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ দারফুরের রাজধানী নিয়ালা আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) নিয়ন্ত্রণে রয়েছে। ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনীর সঙ্গে বাহিনীটির যুদ্ধ চলছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের ড্রোন হামলা বেড়েছে। দুই পক্ষই বিস্ফোরকবাহী ড্রোন দিয়ে হাসপাতাল, বাঁধ, স্কুল, বাজার ও বাস্তুচ্যুত মানুষের আশ্রয়শিবিরের মতো বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে জানায় এপি।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, সুদানের সংঘাত বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট তৈরি করেছে। দেশটির প্রায় ৩ কোটি ৪০ লাখ মানুষের মানবিক সহায়তা প্রয়োজন, যা মোট জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ।

এপির প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৩ সালের এপ্রিলে সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে বিরোধ প্রকাশ্য সংঘাতে রূপ নেয়। রাজধানী খার্তুমে শুরু হওয়া লড়াই পরে দেশজুড়ে ছড়িয়ে পড়ে। এরপর থেকে দুই পক্ষের মধ্যে যুদ্ধ চলছে।

Related Articles

Latest Posts