সীতাকুণ্ডে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা, বাড়িতে আগুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক যুবককে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ ওঠার পর মো. ইরান (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় উত্তেজিত জনতা তার বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত আনুমানিক দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ইরান সীতাকুণ্ড উপজেলার ৪ নম্বর মুরাদপুর ইউনিয়নের বাসিন্দা। নিহত ইরান পুলিশের তালিকাভুক্ত একজন মাদক কারবারি ছিলেন। তার বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় দুটি হত্যা মামলাসহ মোট ছয়টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম জানান, কয়েক দিন আগে ইরান ও তার সহযোগীরা নাঈম নামে এক যুবককে আগুনে পুড়িয়ে দেয়। শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাঈমের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।

তিনি আরও বলেন, নাঈমের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর রাতে স্থানীয় লোকজন ইরানকে ধরে ফেলে এবং ঘটনাস্থলেই পিটিয়ে হত্যা করে। পরে ক্ষুব্ধ জনতা তার বাড়িতে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

Related Articles

Latest Posts