সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক র্যাব সদস্য নিহত হয়েছেন।
আজ শুক্রবার দুপুরে নগরীর তোপখানা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইমন আচার্য র্যাব-৯ এর সদস্য ছিলেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মনজুরুল আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কোতোয়ালি থানা পুলিশের একটি দল মাদকাসক্ত ছিনতাইকারীদের ধাওয়া করলে সাদা পোশাকে থাকা র্যাব সদস্য ইমন দ্রুত বিপরীত দিক থেকে এগিয়ে এসে তাদের একজনকে আটক করেন। একপর্যায়ে ছিনতাইকারী তার বুকে ছুরি ঢুকিয়ে দেয়।
অতিরিক্ত উপকমিশনার বলেন, গুরুতর আহত অবস্থায় ইমনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুপুর দেড়টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, র্যাব সদস্যকে ছুরিকাঘাতের পর হামলাকারী পালিয়ে পাশের একটি বাড়িতে ঢুকে এক শিশুকে জিম্মি করে। তবে পুলিশ সদস্যরা কৌশলে তাকে গ্রেপ্তার করেন।

