সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাচালকসহ দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও একজন।
আজ শুক্রবার ভোরে সদর উপজেলার সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলে—রায়গঞ্জের কালিঞ্জা গ্রামের ঠাকুর হাওলাদার (৭০) ও কামারখন্দের কুঠিরচর গ্রামের সিএনজিচালক আশিক আহমেদ (৩৫)।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্বজনরা নিহতদের মরদেহ নিয়ে গেছে। আহত একজন চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ ভোর ৫টার দিকে ঠাকুর হাওলাদার ও তার ছেলে ভদ্রঘাট বাজার থেকে সিএনজিচালিত অটোরিকশায় শহরের দিকে যাচ্ছিলেন। কিন্তু বহুতি বটতলায় পৌঁছলে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালক আশিক ও যাত্রী ঠাকুর হাওলাদার নিহত হন।

