সিপিএলে নিজের জাত চেনালেন ‘বিশ্বমানের’ মিরাজ

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অভিষেকেই নিজের জাত চিনিয়েছেন মেহেদী হাসান মিরাজ। বল হাতে মাত্র ১৩ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট, আর তার দুর্দান্ত বোলিংয়েই সেন্ট লুসিয়া কিংসকে মাত্র ১১৯ রানে গুটিয়ে দিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৮.৩ ওভারে লক্ষ্য পেরিয়ে চার উইকেটের জয় পেয়েছে গায়ানা।

আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবীর বদলি হিসেবে গায়ানায় যোগ দেওয়ার পর আজই সিপিএলে অভিষেক হয় মিরাজের। চার ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৩ উইকেট নিয়ে অভিষেকটা স্মরণীয় করে রাখেন বাংলাদেশের এই অলরাউন্ডার। তার সঙ্গে অধিনায়ক ইমরান তাহিরের বিধ্বংসী বোলিংও সেন্ট লুসিয়ার ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দেয়।

সপ্তম ওভারে নিজের প্রথম ওভারেই উইকেটের দেখা পান মিরাজ। ওভারের শেষ বলে জন ক্যাম্পবেলকে ফেরান তিনি। ফ্লাইটেড ডেলিভারিটি লং-অফের ওপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে ফিল্ডারের হাতে ক্যাচ দেন ক্যাম্পবেল।

তৃতীয় ওভারে ফিরে আরও দুটি উইকেট তুলে নেন মিরাজ। প্রথমে কেমল স্যাভরিকে এলবিডব্লিউ করেন তিনি। এরপর চারিথ আসালাঙ্কাকে শাই হোপের ক্যাচে পরিণত করে সেন্ট লুসিয়ার ওপর চাপ আরও বাড়িয়ে দেন বাংলাদেশের অলরাউন্ডার।

এরপর ধ্বংসযজ্ঞটা আরও বড় করেন তাহির। চার ওভারে মাত্র ১৭ রান দিয়ে নেন ৫ উইকেট। সেন্ট লুসিয়ার হয়ে কেবল কামিল পুরান ৩৫ বলে ৪৩ এবং ওবেদ ম্যাককয় ২৮ বলে ৩৫ রান করে কিছুটা প্রতিরোধ গড়তে পেরেছেন। শেষ পর্যন্ত ১৮.৫ ওভারে ১১৯ রানেই থামে কিংসের ইনিংস।

১২০ রানের লক্ষ্যে নেমেও অবশ্য সহজে জয় পায়নি গায়ানা। ১৮.৩ ওভারে লক্ষ্য ছোঁয়ার আগে ৬ উইকেট হারায় তারা। তবে গ্লেন ফিলিপস ও কুইন্টন ডি ককের বদলি হিসেবে খেলতে নামা কুইন্টন স্যাম্পসন দুজনই ৩৭ রান করে দলকে জয়ের কাছে নিয়ে যান। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে মিরাজ অবশ্য ব্যাট হাতে বেশি কিছু করতে পারেননি। মাত্র ১ রান করে আউট হন তিনি।

এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও মজবুত করেছে গায়ানা। আট ম্যাচে তাদের পয়েন্ট এখন ১৪।

ম্যাচসেরা হয়েছেন তাহির। তবে ম্যাচ শেষে মিরাজের প্রশংসা করতে ভুল করেননি গায়ানার অধিনায়ক। নবীর জায়গা পূরণ করে বাংলাদেশি অলরাউন্ডার যেভাবে শুরু করেছেন, তাতে মুগ্ধ তাহির তাকে সরাসরি ‘বিশ্বমানের’ বোলার বলেছেন।

“আমাদের সঙ্গে নবী ছিল, যে একজন খুবই মানসম্পন্ন বোলার এবং আমাদের সেরা বোলার। মিরাজ এসে ঠিক আমাদের প্রত্যাশা অনুযায়ীই দারুণ বোলিং করেছে। তাকে দলে পেয়ে আমরা সত্যিই খুব খুশি। মিরাজ একজন বিশ্বমানের বোলার, যে সারা বিশ্বে আন্তর্জাতিক পর্যায়ে নিয়মিত পারফর্ম করে আসছে,’ বলেন তাহির।

 

Related Articles

Latest Posts