রাজধানীবাসীকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম বলেছেন, ‘শুধুমাত্র সিটি করপোরেশনের একার পক্ষে কোনোভাবেই মশা নিধন করা সম্ভব না, পরিষ্কার রাখাও সম্ভব না—যদি জনগণ এগিয়ে না আসে।’
আজ শনিবার সকালে সচিব নিবাসে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
সালাম বলেন, ‘এ জন্য আমি সব সময় বলি, এই দায়িত্ব অর্ধেক-অর্ধেক। যদি জনগণ তার দায়িত্বটা পালন করে, তাহলে ৫০ ভাগ হবে, যদি সিটি করপোরেশন তার দায়িত্বটা পালন করে, তাহলে ১০০ ভাগ হবে। যদি কেউ একজন দায়িত্ব পালন করে, সিটি করপোরেশন ৫০ ভাগ করলে কিন্তু ১০০ ভাগ কোনোভাবেই পরিষ্কার-পরিচ্ছন্ন হবে না, মশক নিধনও হবে না। সেই কারণে জনগণকে আমরা সম্পৃক্ত করতে চাই।’
‘মশা কোনদিন শেষ হবে না’ উল্লেখ করে তিনি বলেন, ‘কিন্তু আমরা যদি নিয়ন্ত্রণ করতে পারি…এই মুহূর্তে আমি শ্যামপুর-ডেমরা থেকে এলাম। ওই অঞ্চলের খালগুলোকে যদি আমরা সত্যিকার অর্থে প্রবাহমান রাখতে না পারি, খালগুলোকে দখলমুক্ত করতে না পারি এবং খালগুলোকে আবর্জনামুক্ত করতে না পারি, তাহলে এইখানে পরিষ্কার করেও কোনো লাভ হবে না।’
এ সময় আগামী নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহের কথা জানান বিএনপির এই নেতা। আগাম ভোট প্রার্থনা করে সালাম বলেন, ‘আমি আপনাদের দোয়া চাই। প্রধানমন্ত্রী আমাকে প্রশাসক করেছেন। ভাই (তারেক রহমান) আমাকে মেয়রই বলেছেন। যেহেতু সুযোগ পেলাম…আপনারা (সচিব) সরকারের কেন্দ্রবিন্দুতে আছেন, কাজেই আপনাদের কাছে ভোটটা আমি একটু আগেই চেয়ে গেলাম।’
‘আমি প্রতিশ্রুতি দিতে পারি, আল্লাহ যদি আমাকে সুযোগ দেয়, দুই থেকে তিন বছরের মাথায় ঢাকা শহরের আমূল পরিবর্তন করে দেবো। বিশ্বাস করেন, এটা সম্ভব যদি আমরা চেষ্টা করি,’ যোগ করেন তিনি।
রাজধানীর বিভিন্ন খাল সংস্কার ও পুনরুদ্ধার এবং সড়ক দখলমুক্ত রাখার ক্ষেত্রে সিটি করপোরেশন স্থায়ী সমাধানের কথা ভাবছে কি না জানতে চাইলে সালাম বলেন, জনসচেতনতাই একমাত্র স্থায়ী সমাধান।
‘আমি বদলালে ঢাকা শহর বদলাবে’ এই স্লোগান মেনে চলতে হবে।

