ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডের উভয় পাশে অভিযান চালিয়ে পাঁচ শতাধিক অবৈধ হকার উচ্ছেদ করেছে সাভার উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার বিকেলে সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকা হকারমুক্ত রাখতে রোজার ঈদের পর আনসার সদস্য নিয়োগ করা হয়। এরপর বেশ কিছুদিন স্থানটি হকারমুক্ত থাকলেও, গত ৮ মে হকাররা আবারও সেখানে বসার চেষ্টা করে।
তখন আনসার সদস্যরা বাধা দিলে হকাররা তাদের ওপর হামলা চালালে কয়েকজন আনসার সদস্য আহত হন।
আজ উচ্ছেদ অভিযান শেষে ইউএনও মো. সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশ থেকে ৫ শতাধিক হকার উচ্ছেদ করা হয়েছে। রাস্তা ও ফুটপাথ দখল করে রাখা অবৈধ স্থাপনা ও হকারদের সরিয়ে দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘হকারদের কারণে সাধারণ মানুষ ফুটপাত দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারছিল না।’
উচ্ছেদের পর হকারদের আবারও ফুটপাত দখলের বিষয়ে জানতে চাইলে ইউএনও বলেন, ‘রোজার ঈদের পরপর উচ্ছেদ অভিযান চালানোর পর দুই মাস এখানে হকার ছিল না। কিন্তু কোরবানির ঈদের ১০-১২ দিন আগে তারা জোর করেই আবার ফুটপাতে বসে পড়েন। সেসময় ঈদ বিবেচনায় মানবিক কারণে সরাইনি।’
‘একইসঙ্গে আমরা তাদের পুনর্বাসনের কথাও ভাবছি,’ বলেন তিনি।

