সাতক্ষীরায় ১৪ বছরের ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করল প্রশাসন

সাতক্ষীরার তালা উপজেলায় সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করেছে প্রশাসন।

আজ বুধবার দুপুরে উপজেলার খেশরা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হলেও বিয়ের আগেই এ বিষয়ে খোঁজ পায় তালা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর। অধিদপ্তরের কর্মকর্তা রাজিবুল ইসলাম ও সরদার নাজমুল হোসেন এবং খেশরা পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক মো. আব্দুল আজিম ঘটনাস্থলে পৌঁছান।

তারা জানান, জন্মনিবন্ধন সনদ অনুযায়ী ছাত্রীর বয়স ১৪ বছর ৬ মাস। বিষয়টি জানানো হলে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজের নির্দেশনায় সহকারী কমিশনার (রাজস্ব) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত খান ঘটনাস্থলে এসে বিয়ে বন্ধ করে দেন।

উপপরিচালক নাজমুন বলেন, ‘নির্বাহী ম্যাজিস্ট্রেট বাল্যবিবাহটি বন্ধ করার পাশাপাশি ছাত্রীর বাবার কাছ থেকে মুচলেকা নিয়েছেন। মুচলেকায় তিনি মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে দেবেন না বলে অঙ্গীকার করেছেন।’

‘নির্দেশনা অমান্য করা হলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে,’ তিনি আরও বলেন।

ভবিষ্যতে যাতে আবার বাল্যবিবাহের চেষ্টা না হয়, সে জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরকে ছাত্রীর বিষয়ে নিয়মিত খোঁজখবর ও তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানিয়েছে প্রশাসন সূত্র।

Related Articles

Latest Posts