কক্সবাজারের টেকনাফ উপকূলে মালয়েশিয়াগামী একটি মাছ ধরার ট্রলার থেকে ৫০ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় মানব পাচারের সঙ্গে জড়িত সন্দেহে নয়জনকে আটক করা হয়।
আজ শনিবার দুপুরে টেকনাফ স্টেশন সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার মো. মুত্তাকিন সিদ্দিকী।
উদ্ধার হওয়া ৫০ জনের মধ্যে ১১ জন রোহিঙ্গা ও ৩৯ জন বাংলাদেশি।
লেফটেন্যান্ট কমান্ডার সিদ্দিকী বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। একপর্যায়ে বাহারছড়া উপকূলের সাগরে সন্দেহজনক একটি ট্রলার দেখতে পেয়ে কোস্টগার্ডের সদস্যরা থামার জন্য সংকেত দেন। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ট্রলারটি দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে ট্রলারটিকে আটক করা হয়।
তিনি বলেন, ট্রলারটি তল্লাশি করে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ৫০ জনকে উদ্ধার ও মানব পাচারের সঙ্গে জড়িত সন্দেহে নয়জনকে আটক করা হয়েছে।
কোস্টগার্ডের এই কর্মকর্তা বলেন, সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র বাংলাদেশি ও রোহিঙ্গাদের বিদেশে বেশি বেতনের চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে টেকনাফে গোপন আস্তানায় নিয়ে আসে। পরে তাদের আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় করে। এরপর সমুদ্রপথে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাচার করা হয়।’
আটক সন্দেহভাজনদের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

